এখন বিদ্যুৎঘাটতি নেই: নসরুল

সারা দেশে এখন বিদ্যুৎঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে কোনো বিদ্যুৎ প্ল্যান্টের ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান নসরুল হামিদ। বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে চার হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জাতীয় গ্রিডে যে ধরনের বিপর্যয় হয়েছিল, এতে অনেক সময় বিদ্যুৎ প্ল্যান্টের ক্ষতি হয়। কিন্তু গতকালকের বিপর্যয়ে এ ধরনের কোনো ক্ষতি হয়নি। এখন যেসব এলাকায় বিদ্যুতের ছোটখাটো সমস্যা হচ্ছে, সেটি ট্রান্সফরমারের কারণে হতে পারে।
কী কারণে বিদ্যুতের এমন বিপর্যয়—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন হাতে এলে সঠিক তথ্য দেওয়া যাবে। তার আগে কিছু বললে একধরনের “কনফিউশন” তৈরি হতে পারে।’
তদন্ত কমিটি তিন দিনের মধ্যে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ সম্পর্কে প্রতিবেদন দেবে জানিয়ে নসরুল হামিদ বলেন, তিন দিনের মাথায় আবার সংবাদ সম্মেলন করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়তে: