এখন বেলীর পায়ে বেড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মায়ের অমতে ১৯৯৬ সালে প্রতিবেশী যুবক হোসেন আলীকে (৩০) ভালোবেসে বিয়ে করাই যেন কাল হয়েছে বেলী খাতুনের (২৬)। বাবা-মা মেনে নিতে পারেননি বিয়েটা। বিয়ের পর থেকে বেলীকে নিয়ে মনোমালিন্য শুরু হয় বাবা-মা ও স্বামীর মধ্যে। এর রেশ এসে লাগে দুজনের ভালোবাসায়। স্বামীর অত্যাচার শুরু হয় বেলীর ওপর। বাবা-মায়ের অবজ্ঞা আর স্বামীর অত্যাচার নীরবে সহ্য করে ১২ বছর সংসার চালিয়ে যান বেলী। একে একে আঁখি (১১), লাকি (৯), বাপ্পী (৪) ও জিম (২) নামের চার সন্তানের মা হন। কিন্তু কমেনি স্বামীর অত্যাচার। ২০০৮ সালে বাবা-মায়ের জেদের কারণে সন্তানদের রেখে তাঁকে ছাড়তে হয় স্বামীর সংসার। কদিন পরেই স্বামী দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বেলী। সন্তানদের টানে বারবার স্বামীর বাড়িতে ছুটে যেতেন। সন্তানদের কাছে যাওয়ার অপরাধে তাঁকে এখন পায়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। বেলী খাতুনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বুনাইনগর ইউনিয়নের গোপালনগর চরপাড়া গ্রামে। বাবার নাম মো. শাহজাহান আলী। মা পুতুল খাতুন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বেলী বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।বেলীদের বাড়িতে গিয়ে দেখা যায়, খুব কষ্টে বাড়ির উঠানের টিউবওয়েলে পানি তুলে গোসলের চেষ্টা করছেন। একটি পায়ে শিকল। এই প্রতিবেদককে দেখে পরনের কাপড় দিয়ে পায়ের শিকলটি আড়াল করার চেষ্টা করছিলেন বারবার। একপর্যায়ে লজ্জায় নিজের মুখ ঢাকলেন বেলী। কোনো কথা বললেন না।বেলীর প্রতিবেশী ও ফরিদপুর পৌর মহিলা কলেজের শিক্ষক মাহাদি হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে এলাকাবাসী ও গ্রামপ্রধানেরা কয়েক দফা বৈঠক করেছেন। কিন্তু বেলীর বাবা-মা ও স্বামী কেউই সমঝোতায় আসেননি। ফলে তাঁদের ছাড়াছাড়ি হয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করার কয়েক মাস পর থেকেই মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নিজের সন্তানদের দেখতে বারবার স্বামীর বাড়িতে ছুটে যেত। তাই বাবা-মা তাকে শিকল দিয়ে আটকে রেখেছে। এখন তাকে তার সন্তানদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না।’ বেলীর বড় মেয়ে আঁখি (১১) বলে, ‘উরা আমার মাকে আমাগের কাছে আসপের দেয় না। আমাগেরেও মার কাছে যাবের দেয় না। আমি মার কাছে থাকপের চাই।’ বেলীর বাবা মো. শাহজাহান আলী বলেন, ‘হোসেন আমার মিয়ের উপর অত্যাচার করত। মারপিট করত, তাই মিয়েক ছাড়া লিয়ে আইছি। এহন উয়ের কপালে যা আছে তাই হবি।’ বেলীর ওপর অত্যাচারের বিষয়টি স্বীকার করে স্বামী হোসেন আলী বলেন, ‘বিয়ের পর থেন এক দিনও সুখী থাকপের পারি নেই। উয়ের বাপ-মা আমাক বিষেয়া তুলছিল। তাই অশান্তির জন্যি দু-এক দিন মারছি। আমার চারডে বাচ্চার দেহাশুনার কেউ নাই। তাই উগের দেহাশুনার জন্য আর একখেন বিয়ে হরছি। ইয়ের পরেও বেলীর বাপ-মা ফেরত দিলি আমি বেলীক ঘরে নেবা।’