
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে এখন ভাত পেতে বেশি কষ্ট করতে হয় না। বর্তমান সরকার কৃষি ও কৃষকের প্রতি মমতা নিয়ে কাজ করাতেই এই পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হয়েছে।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আলোচনা সভাটি হয়। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এবারের খাদ্য দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’।
মতিয়া চৌধুরী বলেন, দেশের শ্রমশক্তির প্রায় অর্ধেক এখনো কৃষিতে নিয়োজিত। জিডিপিতে কৃষির অবদান ১৫ দশমিক ৯৬ শতাংশ ধরা হয়েছে। জিডিপি পাঁচ-ছয় বছর ধরেই ৬ শতাংশের ওপরে আছে। কারণ, দেশে কৃষিতে উৎপাদন ভালো হয়েছে এবং খাদ্যের দাম কম ছিল। ফলে মানুষ পেটে ক্ষুধা নিয়ে দিন কাটায়নি। বিরোধী দল টানা ৯২ দিন জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেও মানুষের মধ্যে কোনো সাড়া ফেলতে পারেনি, এর অন্যতম কারণ—মানুষ ভাতের কষ্টে ছিল না।
কৃষিমন্ত্রী বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, দেশে ৪০ লাখ টন খাদ্যঘাটতি ছিল। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখনো ২৬ লাখ টন খাদ্যঘাটতি ছিল। এখন আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছি। নেপালে ভূমিকম্পের পর চাল সহায়তা দিয়েছি। এটা সম্ভব হয়েছে এই সরকারের কৃষি ও কৃষকের প্রতি মমতা থাকার কারণে।’
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে যেখানে খাদ্যের উৎপাদন কমছে, সেখানে বাংলাদেশে বাড়ছে। বাংলাদেশ ২০৩০ সালের আগেই দেশ থেকে দারিদ্র্য নির্মূলের জন্য কাজ করছে।
সভায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামসুদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
আলোচনা সভার আগে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিএআরসি চত্বরে আয়োজিত হয় মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় স্টল দেওয়া হয়েছে।