এখন ভিক্ষুকও বলে না, সারা দিন ভাত খাইনি: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘লাভজনক কৃষিই আমাদের টার্গেট। ভিক্ষুকের মনোবৃত্তি নিয়ে আমরা দেশ চালাই না। আমরা আর পেছাতে চাই না। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। সারা দিন ভাত খাই নাই—এমন কণ্ঠস্বর এখন ভিক্ষুকের মুখেও শোনা যায় না। এটা আমাদের অর্জন।’
আজ রোববার সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘গবেষণা অগ্রগতি ২০১২-১৩’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। কর্মশালায় জানানো হয়, ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ মোট ৬৫টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব ধান সনাতন ধানের জাতের তুলনায় তিনগুণ বেশি ফলন দেয়। বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের চাষাবাদ করা হয় এবং এর থেকে দেশে উত্পাদিত মোট ধানের ৯০ শতাংশ আসে।
মতিয়া চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে, তখনই দেশের উন্নয়ন হয়। তিনি বলেন, ‘“দেশে খাদ্য ঘাটতি থাকা ভালো, তাতে বিদেশি সাহায্য পাওয়া যাবে” এমন মানসিকতা নিয়ে দেশ চালাই না। খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তের দেশে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হানিফ মিয়া বক্তব্য দেন। পাঁচ দিনব্যাপী ওই কর্মশালায় বিএআরসি, ডিএই, ইরিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, কৃষকসহ তিন শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।