এখন যত আওয়াজ ও তথ্য পাওয়া যায়, জ্ঞান ততটা পাওয়া যায় না। সুখকে সার্বজনীন করতে জ্ঞানের খুব দরকার, যে জ্ঞান আনন্দ দেবে। যে আনন্দ বিনোদনের চেয়ে বেশি। তখন মানুষ আর প্রয়োজনের জগতে আটকে না থেকে মুক্তির জগতে পৌঁছে যাবে।
আজ রোববার সন্ধ্যায় বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে এক স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। ‘দর্শনের সুখানুসন্ধান’ শীর্ষক প্রথম কানিজ ফাতেমা মোহসিনা স্মারক বক্তৃতার আয়োজন করে সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র।
কানিজ ফাতেমা মোহসিনা ছিলেন ব্রিটিশবিরোধী ও জমিদারবিরোধী জাতীয়তাবাদী নেতা সৈয়দ নওশের আলীর মেয়ে। তিনি কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রনোর মা। কানিজ ফাতেমা নিজেও বিপ্লবী রাজনৈতিক কর্মীদের বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধের সময় আহত হয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে জ্ঞানের চর্চা এখন অত্যন্ত দুর্দশাগ্রস্ত। জ্ঞানের চর্চা এখানে বাধা পায় ক্ষুধার কারণে। সমাজ ক্ষুধার্ত। অভিজাতদের ক্ষুধার চেহারা ভিন্ন।’ তিনি বলেন, সামাজিক বিপ্লব না হলে সুখ সার্বজনীন হবে না। উদারনীতিকেরা এই সার্বজনীনতায় আগ্রহী নন। সুখকে সার্বজনীন করার সমস্যা এখন সারা বিশ্বের। লড়াইটাও তাই যেমন স্থানীয়, তেমনি আন্তর্জাতিক।
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘উপমহাদেশে আমরা যে অবস্থায় আছি, তা নৈরাজ্যজনক। এখানে রাজনৈতিক আন্দোলন হয়েছে কিন্তু মূল আন্দোলন সমাজ পরিবর্তনকে নিজের লক্ষ্য হিসেবে স্থির করেনি। মহাত্মা গান্ধীর লক্ষ্য বিদ্যমান সমাজকে ভাঙা ছিল না, লক্ষ্য ছিল সংস্কারের মাধ্যমে সমাজকে রক্ষা করা। গান্ধীর সময়েই নিজের দেশে আন্দোলন করেছিলেন লেনিন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি লড়েছিলেন সবার সুখ নিশ্চিত করার লক্ষ্যে এবং সফল হয়েছিলেন।’
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, বণিকেরা যখন রাজনৈতিক ক্ষমতায় থাকেন, তবে সাধারণ মানুষের দুর্দশার অন্ত থাকে না। এ ব্যবস্থা থেকে বের হতে সামাজিক বিপ্লব ছাড়া আর কোনো উপায় নেই। এই বক্তৃতার মাধ্যমে বোঝা যায়, সাধারণ মানুষের জন্য সুখের একটি জগৎ তৈরি করা কত কঠিন।