এখন রোহিঙ্গারা আসছে স্বজনের টানে!

নাফ নদী পেরিয়ে গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত আরও ১৪৯ পরিবারের ৭৪৯ রোহিঙ্গা টেকনাফে এসেছে। তাদের প্রথমে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে মানবিক সহায়তা ও ত্রাণ দিয়ে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়। উপজেলা প্রশাসন ও বিজিবির কর্মকর্তারা বলছেন, এখন যেসব রোহিঙ্গা আসছে তাদের স্বজনেরা আগেই বাংলাদেশে ঢুকেছে।
হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা টেকনাফ উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ২ হাজার ১৭৩ রোহিঙ্গা এসেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ঢুকেছে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা।
গতকাল বিকেলে হারিয়াখালী ত্রাণকেন্দ্রে কথা হয় রাখাইন রাজ্যের বুচিডং লামারপাড়ার গৃহিণী জমিলা খাতুনের (৪২) সঙ্গে। তিনি বলেন, তাঁর বড় ছেলে আলী আহমদ (১৯) এবং তাঁর স্বামী কবির আহমদকে (৫২) গত কোরবানির ঈদের পর ধরে নিয়ে যায় মিয়ানমারের সেনাবাহিনী। দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে ভেলায় করে রোববার রাতে নাফ নদী পার হন। ভেলায় নারী-শিশুসহ ৫৫ রোহিঙ্গা ছিল।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, এ পর্যন্ত তাঁরা ২৮টি ভেলা জব্দ করেছেন।
শুক্রবার ভোর থেকে উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তে অপেক্ষায় থাকা ৬৪৭ রোহিঙ্গাকে রোববার বিকেলে বালুখালী শিবিরে পাঠানো হয়। ওই রোহিঙ্গাদের তল্লাশি করার সময় ১ হাজার ২০০ ইয়াবা বড়ি পাওয়া যায় বলে জানান উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ। তবে ইয়াবা জব্দের ঘটনায় কাউকে আটক করা যায়নি।