এখন শুধু আনন্দ আর আনন্দ!
লালবাগ কেল্লার সামনে দিয়ে একটি ভ্যান এগিয়ে চলেছে। তাতে নিথর পড়ে আছেন এক নারী। তাঁর মাথার চুল আছড়ে পড়ছে রাস্তায়। শঙ্কিত দুই নারীও বসে আছেন ভ্যানে। আর তাঁদের মাঝখানে—বিশ্বাস হতে চায় না—সদ্যোজাত এক শিশু! উৎসুক মানুষের ভিড় ঠেলে ভ্যানটি এগিয়ে চলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে।
কাল মঙ্গলবার বেলা পৌনে দুইটা। হালকা বৃষ্টি হচ্ছে। মোটরসাইকেলটি ভ্যানের সামনে নিয়ে রাস্তা পরিষ্কার করে এগিয়ে যেতে থাকি। নিজের লাল ওড়না দিয়ে শিশুটিকে ঢেকে রেখেছেন এক নারী। এর ফাঁকেই তাঁদের বলা কিছু কথা কানে আসে। তাঁদের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করি। বিক্ষিপ্ত কথাবার্তায় বোঝা যায়, পৌনে একটার দিকে হঠাৎ ব্যথা ওঠায় রাজধানীর কিল্লার মোড়ের ভাড়া বাড়িতে এক দাইমার সহায়তায় শিশুটির জন্ম হয়। কিন্তু মায়ের শরীর দুর্বল হয়ে পড়ায় হাসপাতালের দিকে যাচ্ছেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই দেখি, শিশুটির মা চোখ খুলেছেন। এরই মধ্যে হাসপাতালে হাজির হয়েছেন শিশুর বাবা মো. আলাউদ্দিন। তিনি ভাঙারির ব্যবসা করেন। হাসপাতালের টিকিট কেটে স্ত্রী-সন্তানের জন্য অপেক্ষা করছিলেন তিনি। ভ্যানটা হাসপাতালের কাছে পৌঁছাতেই আলাউদ্দিন দৌড়ে আসেন।
আলাউদ্দিনের চোখ-মুখ আনন্দে উদ্ভাসিত। তিনি বললেন, ‘আমাদের দুই ছেলে তুষার আর আলিম। বড়টার বয়স ১১, ছোটটার ৬। খুব ইচ্ছা ছিল একটা মেয়ের। আমাদের ইচ্ছাপূরণ হইছে।’
‘আপনার মেয়ের জন্মের সময় আপনি কোথায় ছিলেন?’
‘ডাক্তার বলছিলেন, এই সপ্তাহেই ডেলিভারি হইব। তাইলে তো টাকা দরকার! আমি তাই সকাল নয়টার দিকে পাওনাদারগো কাছে টাকা আদায়ের জন্য যাইতেছিলাম। বাসা থিকা গাজীপুরের দিকে যাইতেছিলাম। তার আগে প্রথমে খিলগাঁও, পরে শাজাহানপুরে গেলাম। এই সময় পাইলাম শাশুড়ির ফোন। শুনলাম, আমাগো মেয়ে হইছে।’
‘শুনে কেমন লাগল?’
‘খুব ভালো লাগল। একটা মেয়ের শখ ছিল আমাদের। সব শুইনা কইলাম, আজিমপুর মেটারনিটিতে নিয়া যান। পরে ছোট বোন নাসরীন বেগম ফোন কইরা জানাইল মা-মেয়ে সুস্থ আছে। আমি তখন ওদের সঙ্গে দেখা করার জন্য রিকশা নিলাম। কিন্তু ফকিরাপুল পর্যন্ত আইসা দেখি যানজট। রিকশা ছাইড়া হাঁটা শুরু করি। দৈনিক বাংলার মোড়ে আইসা আবার রিকশায় ঢাকা মেডিকেলে আসি। আইসা টিকিট কাইট্যা ওদের জন্য অপেক্ষা করি।’ তারপর একটু থেমে প্রশান্ত মনে বললেন, ‘মেয়ের জন্যই তো এত কিছু। ভালো লাগতাছে। আপনারা দোয়া কইরেন। এখন শুধু আনন্দ আর আনন্দ!’
সঙ্গের দুই নারীর একজন হলেন আলাউদ্দিনের ভাবি শিল্পী বেগম। তিনিই তাঁর লাল ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে রেখেছিলেন পুরো পথ।
পাশে থাকা অন্যজন আলাউদ্দিনের বোন নাসরীন বেগম।
সদ্য ভূমিষ্ঠ মেয়েটির মা বিনা বেগম। জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে যখন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনো তাঁর দুর্বল শরীর। কিন্তু তাঁর মুখজুড়ে যে অভিব্যক্তি, তার নাম প্রসন্নতা।
একটি কন্যাসন্তানের জন্য মা-বাবার এই আকুতি, এই আনন্দ উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়।