
‘এখানে পুরোপুরি উৎসবের পরিবেশ পেলাম। মানুষ লাইন ধরে মেলায় ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে। বই কিনছে, আড্ডা দিচ্ছে। এর চেয়ে মন ভরিয়ে দেওয়া দৃশ্য আর কী হতে পারে!’ বলছিলেন কলকাতা থেকে আসা অধ্যাপক ইমানুল হক। শুধু অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেওয়ার জন্য তিনি ঢাকায় এসেছেন। গতকাল রোববার বিকেলে উদ্যানে দেখা হয় তাঁর সঙ্গে। এ দেশের গ্রন্থমেলার উৎসবমুখর পরিবেশে তিনি রীতিমতো মুগ্ধ।
ইমানুল হক যেমন দেশের বাইরে থেকে এসেছেন মেলায়, তেমনি ঢাকার বাইরে থেকেও অগণিত মানুষ আসছেন গ্রন্থমেলায় মেলায় অংশ নিতে। এমনই একজন নাটোরের আমিনুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে দেখা গেল প্রথমা প্রকাশনের সামনে। পকেট থেকে পত্রিকার বিজ্ঞাপনের কাটিং বের করে বিক্রয়কর্মীর হাতে দিলেন। তালিকার সবগুলো বই তাঁর চাই। আমিনুল বললেন, ‘সকালে ঢাকায় নেমেছি। আসার আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছি কোন বইগুলো কিনব। চাহিদামতো এখানে পেয়ে গেলাম।’
পেশায় চিকিৎসক ভাগ্যধন বড়ুয়া কবিতার টানে প্রতিবছর মেলার সময় চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। এবার এসেছিলেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। দুই দিন মেলায় ঘুরেছেন। কিনেছেন অনেক বই। বেশির ভাগ বই অবশ্য ছেলেদের পছন্দেই কিনতে হয়েছে।
ভাগ্যধন বড়ুয়া বলেন, মেলার শেষ দিনগুলোতে ভিড় হয় কম এবং বইও পাওয়া যায় বেশি। ফলে ঘুরে ঘুরে পছন্দের বইগুলো কেনা যায়। গতকাল বেশ কিছু স্টলে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা সংস্থাগুলো ইতিমধ্যে তাদের ৮০ থেকে ৯০ ভাগ বই মেলায় এনেছে।
এখন যাঁরা মেলায় আসছেন তাঁরা মূলত বই কিনতেই আসছেন। গতকাল মেলায় আসা ব্যক্তিদের বেশির ভাগের হাতে বইয়ের ব্যাগ যেন তারই প্রমাণ। বইমেলা শেষ হতে আর মাত্র চার দিন বাকি।
তবে শেষ মুহূর্তে সময় বাড়ানোর দাবিটি জোরালোভাবে তুলেছেন লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্ট অনেকেই। তাঁরা মেলার অন্তত একটি দিন বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন সময়ের সীমাও বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেছেন। এ দাবিতে গতকাল জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে লিখিতভাবে দাবি জানানো হয়। আগে মেলা বন্ধ হওয়ার সময় ছিল রাত নয়টা। এবার বন্ধ হচ্ছে রাত সাড়ে আটটায়। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল তাদের। অথচ এ ব্যাপারে একাডেমি কর্ণপাত করেনি। চাকরিজীবী অনেক ক্রেতাই তাঁদের দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যার পর মেলায় আসেন। মেলার পরিসর এখন বড় এবং আলাদা দুটি স্থানে ভাগ হয়ে যাওয়ায় তাঁদের ঘুরেফিরে পছন্দ মোতাবেক বই কিনতে কিনতে দ্রুতই সময় ফুরিয়ে যায়। আগামী প্রকাশনীর স্টলে বসে মেলার সময় বাড়ানোর পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, এবার সময় বাড়ানোর দাবিটি যুক্তিসংগত। কেননা রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে মানুষ শুরুর দিকে মেলায় মনোযোগ দিতে পারেননি। প্রকাশকেরা বই ছাপার আয়োজনে সময় পেয়েছেন কম।
প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার সামনে দাঁড়িয়ে কথাশিল্পী ইমদাদুল হক মিলন বলেন, মেলাটি যে সময় বন্ধ হয়, ওই সময় কর্মজীবী বইপ্রেমীরা কর্মঘণ্টা শেষ করে ছুটে আসেন মেলায়। আর তখনই মেলা বন্ধ করে দেওয়া হয়। সময়ের অভাবে তাঁরা বই কিনতে পারেন না। ভবিষ্যতে লেখক-পাঠক-প্রকাশকদের কথা বিবেচনা করে সময় নির্ধারণ করা উচিত।
মেলায় ‘ছুরিচিকিৎসা’
কবিতাকে ফিরিয়ে দিতে হবে তার ভাষা, এই ব্রত নিয়ে লিখতে শুরু করেছিলেন সাজ্জাদ শরিফ। তাঁর কবিতা পাঠ এক বিরল অভিজ্ঞতাময় যাত্রা। তিনি লিখেছেন কম, আলোচিত হয়েছেন বেশি; কিন্তু সাম্প্রতিক কবিতায় ফেলেছেন গভীরতর প্রভাব। মেলায় প্রথমা প্রকাশন থেকে এসেছে তাঁর কবিতার বই ছুরিচিকিৎসা।
মেলায় গতকাল নতুন বই এসেছে ৮২টি এবং ১৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনিন্দ্য প্রকাশ এনেছে সুমন চৌধুরীর লেখা শিশুর প্রতিদিনের খাবার। লেখক পেশায় চিকিৎসক, দীর্ঘদিন কাজ করছেন শিশুবিশেষজ্ঞ অধ্যাপক এম আর খানের সঙ্গে। এই বইটিতে শিশু পরিচর্যায় নিয়মিত এবং পরিমিত খাবারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিভাস থেকে এসেছে সোহরাব হাসানের পাকিস্তাননামা, জনান্তিক থেকে এসেছে নাদির জুনাইদের দশটি রাজনৈতিক চলচ্চিত্র। এ ছাড়া মেলায় আসা নতুন বইয়ের তালিকায় আছে ইউপিএল থেকে মনজুয়ারা পারভীনের সামটা আর্সেনিক দূষণে আক্রান্ত একটি গ্রাম ও আমানুল হক অনূদিত নব্য শতকে মুসলিম বিশ্ব, জনান্তিক এনেছে শাহজাহান আবদালীর বাঙালীর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, তরফদার প্রকাশনী থেকে এসেছে মাহবুব আলমের প্রবন্ধ রাজনৈতিক সংস্কৃতি গণমাধ্যম ও আমজনতা: বাংলাদেশ, ভারত ও নেপাল, আদর্শ থেকে জিয়া হাসানের শাহবাগ থেকে হেফাজত, শুদ্ধস্বর থেকে এসেছে আলফ্রেড খোকনের কবিতা আত্মগীতের ভঙ্গি ইত্যাদি।
ফিরে ফিরে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ বাঙালির কাছে কখনো পুরোনো হন না। তিনি চিরকাল ফিরে ফিরে আসেন। এবারের গ্রন্থমেলায়ও নতুন করে তাঁর উপস্থিতি। মেলায় এসেছে পাঠক সমাবেশের রবীন্দ্রসমগ্রর ২২তম খণ্ড।
রবীন্দ্রসমগ্রে আধেয় বিষয়বস্তুর বৈচিত্র্য ও ব্যাপকতা যেমন রবীন্দ্রসাহিত্যসম্পদের সুবিশাল হর্ম্য রচনা করেছে, তেমনি তাঁকে ধারণ ও উপস্থাপন করার জন্য ব্যবহূত কাগজ এবং মনোরম প্রচ্ছদ ও নিখুঁত বাঁধাইসহ অতি উচ্চমানের অঙ্গসৌষ্ঠব পাঠক সমাবেশের এই প্রকাশনাটিকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। ২২তম খণ্ডে রয়েছে প্রকাশিত-অপ্রকাশিত দুষ্প্রাপ্য চিঠি। ‘আত্মীয়স্বজন ও বন্ধুগণ’ শিরোনামায় ৩০ জনকে লেখা রবীন্দ্রনাথের প্রায় দুই হাজার চিঠি এই খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া রবীন্দ্রসমগ্রর ২৩তম খণ্ডের কাজ চলছে। মেলাতেই প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানান পাঠক সমাবেশের প্রকাশক শাহীদুল ইসলাম।
এ ছাড়া মেলায় অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে এসেছে রবীন্দ্রনাথের কালজয়ী গীতাঞ্জলি। এর ভূমিকা লিখেছেন অধ্যাপক আনিসুজ্জামান। আজ বিকেলে নজরুল মঞ্চে এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে। একই প্রতিষ্ঠান থেকে এসেছে সাইমন জাকারিয়া সম্পাদিত রবীন্দ্রনাথ: নাট্যচিন্তা।