এখন শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি: মুহাম্মদ ফয়সাল আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারা দেশে চারজন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। তারা হলো বিদ্যালয় পর্যায়ে (মাধ্যমিক) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন, কলেজ পর্যায়ে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন, মাদ্রাসায় চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ এবং কারিগরি শিক্ষায় দেশসেরা হয়েছে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির। তাদের মধ্যে মাদ্রাসায় শ্রেষ্ঠ শিক্ষার্থী মুহাম্মদ ফয়সাল আহমদ কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

মাদ্রাসায় দেশসেরা শিক্ষার্থী চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

আপনি কেমন আছেন?

মুহাম্মদ ফয়সাল আহমদ: আলহামদুলিল্লাহ।

প্রশ্ন :

চট্টগ্রামে পড়েন, বাড়িও কি চট্টগ্রামে?

ফয়সাল: আমার বাড়ি কুমিল্লায়। তবে চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণি থেকে এখন পর্যন্ত পড়াশোনা করছি।

প্রশ্ন :

এটি কি আবাসিক মাদ্রাসা?

ফয়সাল: হ্যাঁ, ষষ্ঠ শ্রেণি থেকে হোস্টেল আছে।

প্রশ্ন :

আপনিও কি হোস্টেলেই থাকেন?

ফয়সাল: আলিমের (এইচএসসির সমমান) পর থেকে হোস্টেল থেকে চলে এসেছি। এখন বাইরে থাকি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে থেকে দেশসেরা মাদ্রাসাশিক্ষার্থীর পুরস্কার নিচ্ছেন চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ
ছবি: খালেদ সরকার

প্রশ্ন :

এ মাদ্রাসায় পঞ্চম শ্রেণি থেকে পড়ছেন। আগের শ্রেণিগুলোতেও কি মাদ্রাসাতেই পড়তেন?

ফয়সাল: আমি যখন নার্সারিতে পড়ি, তখন থেকেই বাইরে। তখন কুমিল্লায় শহরে পড়ি। তবে প্রাথমিকে মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি স্কুলের বিষয়গুলোও পড়েছি।

প্রশ্ন :

মাদ্রাসায় পড়ার কারণ কী?

ফয়সাল: পরিবারের চাওয়া ছিল। আর একজন আলেম হলে দুনিয়াবিও ঠিক থাকে, আবার আখিরাতেও ঠিক থাকে। এই নিয়তেই মাদ্রাসা শিক্ষায় পড়া। ভবিষ্যতেও মাদ্রাসা শিক্ষার সঙ্গেই থাকতে চাই।

প্রশ্ন :

আপনি শ্রেষ্ঠ মাদ্রাসাশিক্ষার্থী হওয়ার কারণগুলো যদি বলতেন, অর্থাৎ কোন কোন যোগ্যতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন?

ফয়সাল: আমি যখন প্রথম শ্রেণিতে পড়ি, তখনই দুটি পুরস্কার পাই। এরপর দ্বিতীয় শ্রেণিতেও পুরস্কার পাই। তৃতীয় শ্রেণিতে যখন পড়ি, তখন রচনা প্রতিযোগিতায় প্রথম হই। এরপর ইসলামী ফাউন্ডেশন আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২০১৩ সালে তৃতীয় স্থান ও ২০১৫ সালে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পাই। এ ছাড়া প্রথম আলোর বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় কয়েকবার বিজয়ী হই। এর মধ্যে একবার ঢাকা-কক্সবাজার ট্যুরের পুরস্কার পাই। এ ছাড়া আরেকবার এয়ারকুলার ও তিনবার তিনটি মুঠোফোন পুরস্কার পাই। পত্রিকায় নামও এসেছিল। সেগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমার লেখালেখির ওপর আন্তর্জাতিক দুটি পুরস্কার আছে। একটি ২০১৮ সালে, আরেকটি ২০১৯ সালে। ভারতে গিয়ে দুইবার এই পুরস্কার গ্রহণ করি। এ ছাড়া আমি ২০১৯ সালেও শ্রেষ্ঠ মাদ্রাসাশিক্ষার্থী হয়েছিলাম। অর্থাৎ এবার দ্বিতীয়বারের মতো সেরা মাদ্রাসাশিক্ষার্থী হয়েছি। আমি পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলাম। দাখিলেও জিপিএ-৫ পেয়েছিলাম। তখনো বৃত্তি পাই। বর্তমানেও আমার ফল ভালো। এখন স্নাতক (সম্মান) পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমার বিষয় আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ। এ ছাড়া বিএনসিসি ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলাম। এসব বিবেচনা করে হয়তো আমাকে শ্রেষ্ঠ মাদ্রাসাশিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

প্রশ্ন :

পুরস্কার পাওয়ার পর মাদ্রাসায় গিয়েছিলেন?

ফয়সাল: হ্যাঁ গিয়েছিলাম। মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা খুবই খুশি হয়েছেন। আবার প্রথম আলোয় পুরস্কারের খবরটি প্রকাশ করায় আমাদের মাদ্রাসার সুনামের কথাও মানুষ জানতে পেরেছে। বন্ধুরাও ফেসবুকসহ নানাভাবে অভিনন্দন জানাচ্ছে।

প্রশ্ন :

এই যে ছোটবেলা থেকেই বাড়ির বাইরে, কষ্ট লাগত না?

ফয়সাল: আসলে আমি দুষ্টু ছিলাম। আমার ভালোর জন্য পড়াশোনা করতে বাইরে পাঠিয়েছে।

প্রশ্ন :

পরিবারের কথা যদি বলতেন?

ফয়সাল: আমার বাবা কুমিল্লায় আইন পেশার সঙ্গে জড়িত। মা গৃহিণী। আর দুই ভাই কুমিল্লায় কলেজে পড়ে।

প্রশ্ন :

মাদ্রাসায় কি কোচিং-প্রাইভেট পড়তে হয়?

ফয়সাল: ছোটবেলায় গণিত ও ইংরেজির জন্য প্রাইভেটের প্রয়োজন হয়। আরবির বিষয়ে কম হলেও পড়তে হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থী বেশি হওয়ায় বুঝতে সমস্যা হয়। এ জন্য বাইরে পড়তে হয়। আলিম পর্যন্ত অবস্থাটি এমন। তবে এখন (স্নাতক-সম্মান) পড়তে হয় না। এখন শিক্ষকেরাই ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দেন।

প্রশ্ন :

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কী?

ফয়সাল: আরও আধুনিক হওয়া প্রয়োজন। শিক্ষকসংখ্যা বাড়াতে হবে। শিক্ষক কম থাকায় শ্রেণিকক্ষে পেছনে বসা শিক্ষার্থীরা বুঝতে পারে না। মাদ্রাসায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

প্রশ্ন :

আপনার স্বপ্নের কথা যদি বলতেন?

ফয়সাল: আমি দুইবার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছি। এখন আমার স্বপ্ন হলো শিক্ষক হব এবং শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। শিক্ষক হলে আমি যেমন শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছি, তেমনি আমার চেষ্টা থাকবে আমার শিক্ষার্থীরা যেন আরও ভালো করতে পারে।