এখন সংলাপের সময় নয়: লেনিন
এখন সংলাপের সময় নয়, সংলাপ হবে তফসিলের পরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন। আজ রোববার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
নূহ-উল আলম লেনিন বলেন, ‘অনেকে সংলাপের কথা বলেন। তবে নির্বাচনের সময় এলে সংলাপ হবে। সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আপনাদের (বিএনপি) তওবা করে বলতে হবে, আমরা জঙ্গিবাদের পথে যাব না, জামায়াতের সঙ্গে থাকব না। আর মানুষ হত্যা করব না।’
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে লেনিন বলেন, ‘খালি কলস বাজে বেশি। এখন হুমকি আর ফাঁকা আওয়াজ করে লাভ নেই। বিএনপিকে অতীতের ভুল স্বীকার করে আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিএনপির দশা বঙ্কিম চন্দ্রের বিখ্যাত উক্তির মতো ‘পথিক তুমি পথ হারিয়েছ’। বিএনপি এখন পথহারা পথিক। তারা কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছে না। আজ বলে আন্দোলন করবে। কাল বলে আন্দোলন নয়, আইনি লড়াই করবে। আবার বলে দল গোছাবে।
আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন সম্পর্কে তারা (বিএনপি) নানাভাবে বিষোদগার করছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসিনি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা চাই, তারা (নির্বাচন কমিশন) তাদের সঠিক দায়িত্বটি পালন করুক।’
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আয়োজিত এ সভায় বক্তব্য দেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।