
আজ তোমরা যারা শিক্ষার্থী, আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ তোমাদেরই মোকাবিলা করতে হবে। এখন সময় নিজেদের তৈরি করার। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা। তোমরা নিজেদের যোগ্য করে গড়ে তোলো, তাহলে বাংলাদেশও উন্নত বিশ্বের কাতারে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবে।
গতকাল মঙ্গলবার গোপালগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় সারা দেশে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সকাল নয়টা ২০ মিনিটে শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক। বক্তৃতাপর্বে একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন হানিফ সিদ্দিকী বলেন, ‘মা, মাতৃভূমি, পতাকা আর ভাষাকে ভালোবাসতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কেননা এখন বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি যুবক। এই সময়টা চলবে আগামী ২০ বছর। আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারলে সুন্দর বাংলাদেশ গড়তে পারব।’ তিনি মুখস্থ, নকল, মিথ্যা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ পড়ান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল ইসলাম বলেন, দেশব্যাপী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে প্রথম আলো। সাবেক শিক্ষক এনায়েত হোসেন বলেন, ‘সবাইকে সালাম জানাই। কারণ, এখানেই হয়তো বসে আছে আগামী দিনের নতুন কোনো বিজ্ঞানী, খ্যাতিমান চিকিৎসক বা রাষ্ট্রনায়ক। তোমাদের দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। এ জন্য নিজেদের প্রস্তুত করার এখনই শ্রেষ্ঠ সময়।’ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এম এ হাই বলেন, লেখাপড়ার প্রতি তোমাদের অনেক যত্নশীল হতে হবে। ভালো ফলের ধারা বজায় রাখতে হবে।
সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার, টেলিটকের কর্মকর্তা এ এম আবুল বাশার, এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকদেব ভক্ত, বীণাপাণি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান আলী, অভিভাবক শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়, বীণাপাণি সরকারি উচ্চবালিকা বিদ্যালয় ও টুঠামান্দ্রা উচ্চবিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মুনমুন ইসলাম ও সম্রাট হোসেনের পৃথক পরিচালনায় চারটি দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। নাচে ও গানে অংশ নেয় আঁখি আহমেঞ্চদ, মৌ দাস, তোপা সাহা, রুমঞ্চা সাহা, অমিতোষ বিশ্বাস ও শিশুশিল্পী প্রথমা সাহা। অনুষ্ঠানে জেলার দুই শ কৃতী শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঁখি আহমেঞ্চদ।
আজ ৪ সেপ্টেম্বর
নড়াইল
স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন
সময়: সকাল ১০টা
মেহেরপুর
স্থান: পৌর কমিউনিটি মিলনায়তন
সময়: সকাল নয়টা
আগামীকাল ৫ সেপ্টেম্বর
বরগুনা
স্থান: বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স
সময়: সকাল নয়টা
নরসিংদী
স্থান: গ্রিন হলিডে পার্ক
সময়: সকাল ১০টা
রাজবাড়ী
স্থান: রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়
সময়: সকাল ১০টা