প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এখন আর সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করতে চাপ দেয় না। ৪০ বছর আগে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমের জন্য গুরুতর (সিরিয়াস) বিষয় ছিল। কেননা, তখন শুধু সরকারি বিজ্ঞাপন আসত, কিন্তু এখন সেই অবস্থা নেই।
গতকাল শনিবার দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে ‘অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতা-২০১৫’-এর পুরস্কার বিতরণ এবং ‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি গওহর রিজভী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। আলোচনায় অংশ নেন মুহাম্মদ জাহাঙ্গীর, দিলারা চৌধুরী প্রমুখ।
গওহর রিজভী বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা যে শুধু সরকারের কাছ থেকে আসছে, তা নয়; এর সঙ্গে অন্যরাও আছে। অনেক সংস্থা, অনেক ব্যক্তি আছেন। সেটার দিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, এখন আর আগের মতো গণমাধ্যমে বাধা দেওয়ার উপায় নেই। একটা পত্রিকা বন্ধ করে দিলে আরও ৫০টা আছে বা হবে। এ ছাড়া সঙ্গে রয়েছে ইন্টারনেট। তাই আগের মতো কোনো খবর বন্ধ করার ক্ষমতা কোনো সরকারের নেই।
মুক্ত আলোচনায় কয়েকজনের প্রশ্নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কেউ কেউ বললেন চাপ দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। ৪০ বছর আগে বিজ্ঞাপন বন্ধ করাটা খুব সিরিয়াস ব্যাপার ছিল। কেননা, সে সময় শুধু সরকারি বিজ্ঞাপন ছিল। এখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়। এখন আর কোনো সরকার নিজের বিজ্ঞাপন বন্ধ করে গণমাধ্যমে চাপ দিত পারে না।
সভাপতির বক্তব্যে আকবর আলি খান বলেন, বাংলাদেশে সুশাসনের সমস্যা অনেক গভীর। দুর্নীতি পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু বাংলাদেশের দুর্নীতির কয়েকটি বিশেষত্ব রয়েছে, যেখানে দুর্নীতি করার পরও কাজ হয় না। তিনি বলেন, এ দেশে শুধু বেআইনি নয়, আইনি কাজ করার জন্য দুর্নীতি করা হয়। এটা যুগ যুগ ধরে চলছে। দুর্ভাগ্যবশত, বাংলাদেশে দুর্নীতির বিচার হয় না। আর টিআইবি দুর্নীতি দূর করতে সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সেই সহযোগিতা দিতে পারছে না।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘অনেক চ্যালেঞ্জ থাকার পরও আমাদের দেশের গণমাধ্যম ঝুঁকি নিয়ে ভালো কাজ করে যাচ্ছে। গণমাধ্যম সরকারের সহযোগী ও সহযোদ্ধা হিসেবেই কাজ করে থাকে। তাই গণমাধ্যম যেমন সরকারের ইতিবাচক তথ্য প্রচার করবে, তেমনি সরকারের সমালোচনাও করবে। এই সমালোচনা সরকারকে ইতিবাচকভাবেই গ্রহণ করতে হবে।’
টিআইবির পুরস্কার: এ বছর অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া জাতীয় বিভাগ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। ২০১৪ সালের ৬ এপ্রিল ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য।
এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়া বিভাগে বিজয়ী যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেলের সম্পাদক মিজান মালিক, নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ও ভিডিও চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইল এবং ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় চ্যানেল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রতিবেদক জি এম মোস্তাফিজুল আলম ও ভিডিও চিত্রগ্রাহক জাহাঙ্গীর আলমকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ী সাংবাদিকদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক এবং দুজন ভিডিও চিত্রগ্রাহকের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।