এখন হাঁটছেন রাজিয়া
সেই ২০০১ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হাত ও এক পা অকেজো হয়ে যায় রাজিয়া সুলতানার৷ এরপর সেগুলো কেটে ফেলতে হয়৷ ছন্দপতন ঘটে জীবনের৷ কিন্তু চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকার সেই ছোট্ট মেয়েটি থামেনি৷ কঠিন সময় পেরিয়ে এখন পতেঙ্গা সিটি করপোরেশন ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন৷ সম্প্রতি তাঁর শরীরে একটি কৃত্রিম পা সংযোজন করা হয়েছে৷ এখন হেঁটে কলেজে যাচ্ছেন তিনি৷
রাজিয়াকে নিয়ে গত ২৭ মার্চ প্রথম আলোতে ‘আগামীর পথে রাজিয়া’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর তাঁকে সহযোগিতার আগ্রহ জানিয়ে অনেকেই যোগাযোগ করেন। এঁদেরই একজন ঢাকার ইজি লাইফ ফর বাংলাদেশ নামের কৃত্রিম অঙ্গ সংযোজন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিউটি বেগম। রাজিয়া তাঁর সঙ্গে কথা বলে গত ২৮ এপ্রিল বড় ভাইকে নিয়ে চট্টগ্রাম থেকে রওনা হন ঢাকায়। ৩০ এপ্রিল বিউটি বিনা মূল্যে রাজিয়ার শরীরে কৃত্রিম পা সংযোজন করেন।
ঢাকা থেকে বাড়ি ফিরে গত বৃহস্পতিবার প্রথম কলেজে যান রাজিয়া। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলতাম৷ কৃিত্রম পা সংযোজন করায় এখন আর তেমন সমস্যা হয় না।’
রাজিয়ার হাতের ব্যাপারে বিউটি বেগম বলেন, ‘রাজিয়ার জন্য এখন দরকার কসমেটিক হ্যান্ড। এটা ব্যয়সাপেক্ষ। প্রায় ৬৫ থেকে ৭৫ হাজার টাকার মতো লাগবে। কেউ যদি রাজিয়াকে আর্থিকভাবে সহযোগিতা করেন, আমি তা সংযোজন করে দেব।’
রাজিয়ার মা আয়েশা খাতুন বলেন, ‘আর্থিক সমস্যার কারণে আমরা মেয়ের জন্য তেমন কিছু করতে পারি নাই। সীমাহীন কষ্টের মধ্যেই মেয়ে নিজের আগ্রহে পড়াশোনা চালিয়ে গেছে।’
তৃতীয় শ্রেণীতে পড়ার সময় রাজিয়ার জীবনকে ওলটপালট করে দেওয়া সেই দুর্ঘটনা ঘটে৷ এরপর চিকিৎসকের পরামর্শে প্রথমে কাঁধের নিচ থেকে ডান হাত এবং পরে হাঁটুর ওপর থেকে বাঁ পা কেটে ফেলতে হয়৷ এক হাত আর এক পা নিয়ে তাকে চলতে হয়৷ এরপর বাড়িতে বসেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়াশোনা শেষ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় স্থানীয় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চবিদ্যালয়ে৷ পরে পতেঙ্গা সিটি করপোরেশন ডিগ্রি কলেজে ভর্তি হয়৷