এখন হাসপাতালই তার ঠিকানা

জন্মের পর মা বুকে নেয়নি নবজাতকটিকে। তাকে ছুড়ে ফেলা হয় নালায়। সেখান থেকে এক ভিখারি মা-মেয়ে তাকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে পৌঁছে দেয় হাসপাতালে। ১৪ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ছোট্ট শয্যাই তার ঠিকানা। চিকিৎসক, নার্স আর প্রসূতি মায়েদের স্নেহ-যত্নে দিন কাটছে শিশুটির।
হাসপাতালে নবজাতকের ওয়ার্ডে ১৭৬টি শিশুর সঙ্গে মা ও অভিভাবকেরা থাকলেও কুড়িয়ে পাওয়া ওই নবজাতকের কেউ নেই। দুই সপ্তাহ পরও নাম রাখা হয়নি ছেলে শিশুটির। হাসপাতালের রেজিস্টার খাতায় তার নামের জায়গায় লেখা ‘শিশু’। পরিবারের ছায়া না পেলেও এই শিশুর পাশে দাঁড়িয়েছেন কয়েকজন মা। নিজের সন্তানের পাশাপাশি এই নবজাতককেও বুকের দুধ খাওয়াচ্ছেন তাঁরা। চিকিৎসক-নার্সরাও বাড়তি যত্ন নিচ্ছেন তার।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের কর্নেলহাট এলাকার ডাস্টবিনে পাওয়া যায় আরেক নবজাতককে। তার নাম রাখা হয় ‘একুশ’। শিশুটিকে সন্তান হিসেবে লালনপালন করতে ১৬ জন নারী আদালতে আবেদন করেছিলেন। গত ২৯ মার্চ আদালত শিশুটিকে লালনপালনের জন্য এক দম্পতির জিম্মায় দেন।
সর্বশেষ গত ২৭ আগস্ট সকালে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় নালার ভেতরে একটি কাগজের কার্টন থেকে এক দিন বয়সী নবজাতককে উদ্ধার করেন ভিক্ষুক মা-মেয়ে। পরে দুপুরে তাঁরা নবজাতকটিকে থানায় নিয়ে যান। পুলিশ কোনো অভিভাবক না পাওয়ায় নবজাতককে আদালতে পাঠায়। আদালত নবজাতকটিকে হাসপাতালে চিকিৎসা দিতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন।
গত শুক্রবার বিকেলে নবজাতক ওয়ার্ডে শিশুটিকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা। কিছুক্ষণ পর শিশুটির ভেজা পোশাক পরিবর্তন করে দিলেন এক নার্স। কেঁদে উঠলেই কেউ না কেউ ছুটে যাচ্ছেন তার কাছে।
চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ থেকে আসা রুম্পা দাশ তাঁর সন্তানকে নিয়ে ২৫ দিন ধরে নবজাতক ওয়ার্ডে রয়েছেন। তিনি বলেন, হাসপাতালে যেদিন শিশুটি এসেছে, সেদিন থেকেই নিজের ছেলের মতো যত্ন নিচ্ছেন। তাঁর মতো আরও কয়েকজন মা শিশুটিকে নিয়মিত বুকের দুধ খাওয়ান।
নবজাতকটিকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিলেন হাসপাতালের জ্যেষ্ঠ নার্স হাদিছা খানম। তিনি বলেন, বেশির ভাগ সময়েই ঘুমিয়ে থাকে শিশুটি। তবে মাঝেমধ্যে হাত–পা নাড়িয়ে খেলার চেষ্টা করে। শিশুটির কোনো নাম রাখা হয়নি। তাঁরা ‘বেবি’ নামেই শিশুটিকে ডাকেন।
নবজাতকটি সম্পর্কে ওয়ার্ডের চিকিৎসক কাজী মুনতারিন প্রথমআলোকে বলেন, শিশুটি সুস্থ রয়েছে। তবে ওজন এখনো কম। শিশুটিকে কয়েকজন মা বুকের দুধ খাওয়াচ্ছেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকে দুধের টিন এবং পোশাক দেওয়া হয়েছে। তারাও নিয়মিত খোঁজ রাখছে।
এখনো নবজাতকটির অভিভাবকের খোঁজ পায়নি পুলিশ। পাঁচলাইশ থানার পরিদর্শক মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, নবজাতকটি কীভাবে নালায় এল, তাকে কে বা কারা ফেলে গেল, তা বের করার চেষ্টা চলছে। অভিভাবক দাবি করে থানায় কেউ আসেননি।
নবজাতকটিকে লালনপালনের জন্য জিম্মায় দিতে খুকি আক্তার নামের এক নিঃসন্তান দম্পতি গত ৩১ আগস্ট আদালতে আবেদন করেছেন বলে জানান চট্টগ্রাম মহানগর শিশু আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ। তিনি বলেন, আরও আবেদন পড়ে কি না তা দেখা হচ্ছে। আবেদন যাচাই-বাছাই করে আদালত নবজাতকটিকে লালনপালনের জন্য কোনো দম্পতির জিম্মায় দিতে পারেন।
আবেদনকারী খুকি আক্তার বলেন, ১০ বছর ধরে সন্তানের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, সেই সম্ভাবনা তাঁদের নেই। তাই নবজাতকটিকে নিজের সন্তান হিসেবে লালনপালনের দায়িত্ব পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন।