এখন ১০০ জন করে রোহিঙ্গা আসছে

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার প্রবণতা কমে গেছে। গত নভেম্বর মাসে যেখানে গড়ে প্রতিদিন ৭৪৫ জন করে আসত সেখানে এ মাসে আসছে ১০০ জন করে।
আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিজ সংবাদ সম্মেলনে এ কথা জানান। জরিপের ওপর ভিত্তি করে এসব তথ্য দিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআর এবং অন্য ১৩ টি আন্তর্জাতিক দেশীয় সহযোগী সংগঠন মিলে এ জরিপ করেছে।
সংবাদ সম্মেলনে মাহেসিজ বলেন, ‘বাংলাদেশে টানা চার মাস ধরে শরণার্থীদের আসা অব্যাহত আছে। যদিও এই আসার পরিমাণ এখন অনেক ধীর গতি হয়েছে। গত সপ্তাহে নতুন করে আসাদের মধ্যে দুই-তৃতীয়াংশ বলছে, তারা মিয়ানমারের উত্তর বুথিডং থেকে এসেছে।’ তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আছে, কিন্তু তাদের মধ্যে সম্প্রদায়গত মনোবল অনেক শক্তিশালী ।
সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে অংশ নেওয়া শরণার্থীরা নানা দিক নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, দুর্বল বাসস্থান এবং পর্যাপ্ত আলোর অভাবে তারা রাতের বেলা খুব অনিরাপদ বোধ করে। এ ছাড়া সামগ্রিক নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন। পরিচ্ছন্ন পয়োনিষ্কাশনের ব্যবস্থা এখনো আশ্রয় শিবিরগুলোতে অপর্যাপ্ত। যার জন্য প্রায় সময় শৌচাগার ব্যবহার করতে গিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হয়। নারী ও পুরুষদের জন্য আলাদা করে পর্যাপ্ত গোসলখানা না থাকার কারণে নারীদের দুশ্চিন্তায় থাকতে হয়। আর এর ফলে নারীরা খুব ভোরে উঠে বাইরে গিয়ে গোসল করতে বাধ্য হন।
জরিপে আরও উঠে এসেছে যে, শিশুদের অনেক দূরে গিয়ে পানি ও জ্বালানি কাঠ আনতে হয়। বাবা-মা ও শিশুরা শিক্ষাগ্রহণের সুযোগ চায় এবং পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য আরও নিরাপদ জায়গা চায়।
স্বাস্থ্য সেবা নিয়েও রোহিঙ্গা শরণার্থীদের বেশ উদ্বেগ রয়েছে। যেসব মানুষ নিজ চোখে হত্যার দৃশ্য দেখেছে, অথবা যারা ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য মানসিক শক্তি জোগাতে প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন ইউএনএইচসিআর মুখপাত্র। শরণার্থীরা বলেছে, যে তাদের মধ্যে এখনো হতাশার অনুভূতি অনবরত কাজ করছে। বিশেষ করে বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের মধ্যে। অনেক তরুণ-তরুণী তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
ইউএনএইচসিআর বলছে, তারা তাদের ত্রাণ বিতরণ পদ্ধতিকে আরও উন্নত করছে এবং যেসব মানুষ নড়াচড়া করতে পারে না তাদের জন্য সরাসরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে জোরদার করছে। আন্দ্রেজ মাহেসিজ বলেন, ‘শিশুশ্রম রোধ এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে আমরা লাকড়ির পরিবর্তে বিকল্প জ্বালানির সরবরাহ করছি। নারী ও পুরুষদের পরিচ্ছন্নতায় উন্নতি আনতে বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যেমন স্যানিটারি সামগ্রী বিতরণ, শৌচাগারের সুবিধা বৃদ্ধি, বাসস্থান সামগ্রীর উন্নত করা, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাতির ব্যবস্থা এবং শিশু-বান্ধব জায়গার সংখ্যা বাড়ানো।’