সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হাইব্রিড’ রাজনীতিবিদের মতো এখন ‘হাইব্রিড’ সাংবাদিকও তৈরি হয়েছে। এসব সাংবাদিক যেন মূলধারার সাংবাদিকদের কোণঠাসা করে ফেলতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সচিবালয়ে ‘জনপ্রশাসন ও গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার শুরু হয় এই কর্মশালা।
ওবায়দুল কাদের বলেন, শুধু মফস্বলে নয়, ঢাকায়ও হাইব্রিড সাংবাদিক আছে। তিনি বলেন ‘পরিচয়পত্র লাগিয়ে ঘুরঘুর করছেন, খুব ব্যস্ত। বলি, আরে কী ব্যাপার, এত ব্যস্ততা কীসের? বলে, আমি সাংবাদিক। আই অ্যাম আ জার্নালিস্ট। খুব ভাব নিয়ে বলে। তো জার্নালিস্ট কোন কাগজে আছেন? কোন মিডিয়ায় আছেন? বলে, ফ্রিল্যান্স। এ রকম অনেক সাংবাদিকই আছেন। মফস্বলে খবর নেন, অনেকে ডিসি-এসপির অফিসে বসে থাকেন। আমি কিন্তু সাংবাদিক কমিউনিটির ওপর অ্যাটাক করছি না। এই কমিউনিটির ওপর কেউ ‘অ্যাটাক’ করলে আমি তা মেনেও নেব না।’
ওবায়দুল কাদের বলেন, ‘হাইব্রিড দশা রাজনীতিতেও চলছে। বিলবোর্ড দেখলে মনে হয়, বঙ্গবন্ধুর একটা ছবির সঙ্গে ৩৭টা ছবি। এরা কারা? কোত্থেকে এল এরা? বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা।’
বাংলাদেশকে সাংবাদিক উৎপাদনেরও কারখানা হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, ‘প্রতিদিন নতুন নতুন সাংবাদিক দেখি। কোত্থেকে এল? যারা রিয়েল জার্নালিস্ট, কষ্ট করেন, লেখাপড়া করেন, তাঁদের এসব সাংবাদিক (ভুয়া) দেখলে খারাপ লাগে, যেমন আমাদের পলিটিশিয়ানদের হাইব্রিড দেখলে খারাপ লাগে।’