এখনই উদ্যোগ না নিলে প্রবীণদের নিয়ে দেশ সংকটে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন হিসাব অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় সাত শতাংশ প্রবীণ জনগোষ্ঠী। এই প্রবীণদের অর্ধেকের বেশি দারিদ্র্যসীমার নিচে বাস করেন। কিন্তু তাঁদের কল্যাণে তেমন কোনো কর্মসূচি নেই। কিন্তু প্রবীণদের কল্যাণে এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে দেশ অচিরেই বিষয়টি নিয়ে সংকটে পড়বে। কেননা, প্রবীণ জনগোষ্ঠী বৃদ্ধির হার ২০২৫ সালে ১১ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ২০ শতাংশে পৌঁছে যাবে। ২০৫০ সাল নাগাদ প্রতি পাঁচজনের মধ্যে একজন হবেন প্রবীণ। গতকাল শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবসে বিভিন্ন সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। এসব অনুষ্ঠানে প্রবীণদের দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রবীণবিষয়ক একটি নীতিমালা প্রণয়ন, প্রবীণ নারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা ও প্রবীণ-নবীনের মধ্যে সম্মিলন ঘটানোর বিষয়েও গুরুত্ব দেন বক্তারা।আলোচনা সভার আগে উদ্যাপন কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবীণ জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এক মানববন্ধনের আয়োজন করে।জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বয়স্বী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।