এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার সাত মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তি পাবেন কি না, জানতে তাঁকে আরও অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে।
যে সাত মামলায় মির্জা ফখরুল জামিন পেয়েছেন, তার মধ্যে তিনটিতে জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত গতকাল সোমবার ওই তিন মামলায় তাঁর জামিন স্থগিত না করলেও আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ২৫ জুন ওই আবেদনের ওপর শুনানি হবে। ফলে মুক্তি পাচ্ছেন কি না, তা জানতে ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মির্জা ফখরুলকে।
মির্জা ফখরুলের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন গতকাল প্রথম আলোকে বলেন, ‘চেম্বার আদালত মির্জা ফখরুলের জামিন আদেশ স্থগিত করেননি। সেই হিসেবে, তাঁর জামিন পেতে আইনগত বাধা নেই। কিন্তু যেহেতু বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে, তাই পুলিশ তাঁকে এখনই ছাড়বে না।’
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় গ্রেপ্তার হন ফখরুল। এরপর একে একে পল্টন থানায় নাশকতার ছয়টি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ এপ্রিল পল্টন থানার এক মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ১৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় জামিন পান। সর্বশেষ গত রোববার পল্টন থানার আরও তিনটি মামলায় জামিন পান। তাঁর আইনজীবীরা জানান, এর ফলে কারাগার থেকে মির্জা ফখরুলের মুক্তির আইনগত বাধা কেটেছে।
তবে ১৮ জুন পল্টন ও মতিঝিল থানার যে তিনটি মামলায় মির্জা ফখরুল জামিন পান, সেসব মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। চেম্বার আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মির্জা ফখরুলের আইনজীবীরা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক বছরে মির্জা ফখরুলের বিরুদ্ধে ৭৯টি মামলা হয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারি ও এর পরবর্তী সময়ে তাঁকে গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও নাশকতার সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।