এখনই নেই ফিরতি টিকিট
এবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ঈদের ছুটির মধ্যে পড়ে গেছে। তাই অনেকেই বাড়তি দু-তিন দিনের ছুটি নিয়ে এ ঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁদের মধ্যে যাঁরা ছুটিতে বাড়ি এসে ফিরতি টিকিট কিনে কর্মস্থলে ফেরার পরিকল্পনা করেছিলেন, তাঁরা এখন অস্বস্তিতে আছেন।
রংপুর ও ঠাকুরগাঁওয়ের কাউন্টারগুলোতে ঈদের আগেই ফিরতি টিকিট বিক্রি শেষ। ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ঢাকায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে অভিযোগ উঠেছে, দাম বাড়াতেই এ কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বাস কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, ২ অক্টোবর পর্যন্ত প্রায় সব কাউন্টারেই ঈদের ছুটির পর ফিরতি বাসের টিকিট বিক্রি শেষ। জেলার নরেশ চৌহান সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও তাঁতীপাড়ায় অবস্থিত ঢাকার বাস কাউন্টারগুলোতে গতকাল সরেজমিনে দেখা যায়, কাউন্টারের সামনে ‘ঈদের পরের সাত দিনের কোনো টিকিট নেই’ লেখা নোটিশ ঝুলছে।
শহরের ঘোষপাড়ার আবদুর রহমান বলেন, ‘বাস কাউন্টার ম্যানেজাররা টিকিটের যে সংকটের কথা বলছেন তা ঠিক নয়। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে বাড়তি কিছু আদায় করাই তাঁদের উদ্দেশ্য। নির্ধারিত ছুটি শেষে ঢাকায় না ফিরতে পারলে যাঁদের চাকরিসংক্রান্ত ঝামেলায় পড়তে হবে, তাঁরা বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে টিকিট কিনতে বাধ্য হবেন।’
ঠাকুরগাঁও-ঢাকা সড়কে হানিফ এন্টারপ্রাইজের শীতাতপনিয়ন্ত্রিত বাসের স্বাভাবিক ভাড়া ১ হাজার ১০০ টাকা। ঈদের অজুহাতে এখন নেওয়া হচ্ছে ২ হাজার ২০০ টাকা। নাবিল পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত বাসের স্বাভাবিক ভাড়া এক হাজার টাকা। এখন নেওয়া হচ্ছে ১ হাজার ৫০০ টাকা। ঈদের আগে হানিফ, নাবিল, শ্যামলী, কেয়া পরিবহন, মেহেরুন ক্লাসিক, রোজিনা এন্টারপ্রাইজ ও বাবলু এন্টারপ্রাইজের নন এসি বাস টিকিটের দাম ৬০০ থেকে বাড়িয়ে নেওয়া হচ্ছে ৮৫০ টাকা।
ঠাকুরগাঁও হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক নারায়ণ দাস বলেন, যাঁরা আত্মীয়স্বজনদের মাধ্যমে আগেভাগেই টিকিট কেটে রেখেছেন, তাঁরাই স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারবেন। বাকিদের দুর্দশা লাঘবে আপাতত করার কিছু নেই। তবে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন তিনি।
এদিকে ঈদের ছুটিতে রংপুরেও আসতে শুরু করেছে কর্মসূত্রে নানা স্থানে থাকা লোকজন। এসেই তাঁরা ঢাকায় ফেরার টিকিট সংগ্রহের চেষ্টা করলেও পাচ্ছেন না।
গতকাল শহরের কামারপাড়ায় ঢাকাগামী বাসগুলোর কাউন্টারে গিয়ে দেখা যায়, টিকিট না থাকার নোটিশ ঝুলছে। তবে লোকজনের অভিযোগ, বাস কাউন্টার থেকে টিকিট নেই বলা হলেও দালালেরা বেশি দামে গোপনে সেগুলো বিক্রি করছেন।
শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির একটি টিকিট কেনা এক ব্যক্তি নাাম না প্রকাশের শর্তে তিনি বলেন, ‘গাড়ির নাম ও কীভাবে পেলাম, সে কথা আমার নাম দিয়ে বলা হলে হয়তো পরবর্তী সময়ে কোনো টিকিটই পাব না।’