পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনার অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। এদিকে গ্যাসলাইন চালু হলে নতুন শিল্পকলকারখানা হবে, শিল্পনগরী খুলনায় ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে। এ লক্ষ্যে এখন থেকে বড় ধরনের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি না নিলে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে পড়বে বৃহত্তর খুলনা।
আজ শনিবার সকালে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা এর আয়োজন করে। সভায় উপকূল উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে ওই অঞ্চলের সার্বিক সমস্যার সমাধান ও সমন্বয় সাধনের দাবি জানানো হয়েছে। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলে টেকসই বেড়িবাঁধ তৈরি, উপকূলবাসীর জীবনমান উন্নয়নে সব শ্রেণি–পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, খুলনায় গ্যাসলাইন চালু হলে নতুন নতুন শিল্পকলকারখানা চালু হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। এ জন্য দ্রুত গ্যাস সরবরাহ এবং ভবিষ্যতে খুলনা অঞ্চলে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের পরিকল্পনা করা প্রয়োজন।
আবদুল মজিদ বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ খুলনা অঞ্চল প্রকৃতির বিরূপ আচরণের প্রথম ও প্রত্যক্ষ শিকার সব সময়েই। বিগত ১২ বছরে সিডর, আইলা, আম্পান, ইয়াসে সুন্দরবন এবং ওই এলাকার মানুষ ও অন্যান্য প্রাণিসম্পদের ওপর দুর্বিষহ ও নেতিবাচক প্রভাব প্রতিক্রিয়া দেখা গেছে। তাতে বৃহত্তর খুলনার কৃষি অর্থনীতি নিয়ে নতুন করে ভাবার অবকাশ দেখা দিয়েছে।
স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া বলেন, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী জোয়ার-ভাটার অঞ্চলের মানুষ। সারা দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও উপকূলের সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবে স্থায়ী সমাধান হচ্ছে না। একের পর এক সমস্যায় বিপর্যস্ত উপকূলের অর্থনীতি। মানুষ অর্ধাহারে–অনাহারে দিনাতিপাত করছে। তাই আমাদের উপকূলের মানুষদের জন্য আওয়াজ তুলতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে।’
সভায় উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়ন, আইটি ভিলেজ স্থাপন, মিঠাপানির আঁধার সৃষ্টি, মৎস্য গবেষণাকেন্দ্র স্থাপন, খুলনা-যশোর সড়ক ছয় লেনে উন্নীত করা, ঢাকা-মাওয়া-খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, ভৈরব নদীর তলদেশে জেলখানা ঘাটস্থলে টানেল ও জ্বালানি গ্যাসের ব্যবস্থা করা, শিল্পনগর খুলনার মুজগুন্নীতে পাঁচতারা হোটেল নির্মাণের সুপারিশ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, ডেইলি স্টারের জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।