এখনই পরীক্ষার সময় না কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন ছাড়া পরীক্ষার সময় না কমানোর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুন্নী সর্দার প্রমুখ।
জেসমিন আক্তার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্নাতক সম্মান (অনার্স) ও ডিগ্রি (পাস) পরীক্ষায় আগে চার ঘণ্টার যে সময় ছিল, তা কমিয়ে এখন সাড়ে তিন ঘণ্টায় আনবে তারা। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১০ আইন অনুযায়ী, ১০০ নম্বরের পরীক্ষার জন্য চার ঘণ্টা পরীক্ষা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়ম ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এ প্রোগ্রামের ভিত্তিতে যে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়, তাতে ছাত্র-ছাত্রীদের আরও ২০ নম্বরের ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়। বাকি ৮০ নম্বরের বোর্ড পরীক্ষা নেওয়া হয়। এ কারণে এখন ৮০ নম্বরের পরীক্ষার জন্য সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়েছে। অথচ এখন ৮০ নম্বরের প্রশ্নপত্রের যে কাঠামো, তাতে ছাত্রছাত্রীরা চার ঘণ্টা লিখেও শেষ করতে পারে না। সেখানে সাড়ে তিন ঘণ্টায় কীভাবে লেখা শেষ করবে তারা? তিনি বলেন, নতুন নতুন নিয়মের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১ লাখ শিক্ষার্থীর জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন না করে পরীক্ষার সময় কমানো যাবে না।