ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ মুহূর্তে বাংলাদেশ সফরে আসতে পারেন, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। তিনি গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। খবর ইউএনবির।
বার্নিকাট বলেন, জন কেরি বাংলাদেশ সফর করতে চান, তবে এ মুহূর্তে নয়। কেরির বাংলাদেশ সফর বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, এ-সংক্রান্ত কোনো তথ্য আমরা জানার পাঁচ মিনিটের মধ্যে আপনারাও জানতে পারবেন।’
পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে কী নিয়ে আলাপ হয়েছে, এমন প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরকালে জন কেরির সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন। এ সময় কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেই আমন্ত্রণ ইতিবাচকভাবে গ্রহণ করেন কেরি। তবে কবে বাংলাদেশ সফরে আসছেন, এ বিষয়ে কিছু জানাননি।