এখনই সহিংস কর্মসূচির পক্ষে নন বিএনপির নীতিনির্ধারকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখনই সহিংস কর্মসূচিতে যেতে চান না বিএনপির
নীতিনির্ধারকেরা। তাঁরা মধ্য সেপ্টেম্বর মাস পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পক্ষে। এরপর পরিস্থিতি ও সরকারের মনোভাব দেখে
পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে তাঁরা মনে করেন।
গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নীতিনির্ধারকেরা তাঁদের এমন অবস্থানের
কথা জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর কর্মসূচি চূড়ান্ত
করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির দুজন সদস্য প্রথম আলোকে বলেছেন, এখন সহিংসতার দিকে যেতে চায় না
বিএনপি। আপাতত সমাবেশ, গণসংযোগের মতো কর্মসূচি থাকবে। সরকারের মনোভাব দেখে পরবর্তী করণীয় নির্ধারণের পক্ষে
তাঁরা মত দিয়েছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলীয় চেয়ারপারসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, খালেদা জিয়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে তাঁর সাক্ষাতের বিভিন্ন দিক সম্পর্কে
বৈঠকে অবহিত করেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কী করবে—সেই রূপকল্প মজীনাকে জানানো হয়েছে বলে তিনি স্থায়ী
কমিটির সদস্যদের জানিয়েছেন।
এ ছাড়া বৈঠকে দলের কাউন্সিল করার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এ নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে দুই ধরনের মত পাওয়া
গেছে। একটি অংশ সেপ্টেম্বরে কাউন্সিল করার পক্ষে, অপর অংশ বিপক্ষে। তবে চেয়ারপারসন এ নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল
মঈন খান, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।