১০ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। বর্তমান সময়ের পুলিশ জনবান্ধব। তারা একটি আস্থার জায়গায় চলে এসেছে। জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত হচ্ছে তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল শনিবার ঢাকার সাভার উপজেলার অমরপুর মাঠে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমানের প্রচেষ্টায় বেদে সম্প্রদায়ের জন্য উত্তরণ ফ্যাশন, উত্তরণ শোরুম ও উত্তরণ কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগিয়ে চলছে হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ। গতকাল এসব প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসাদুজ্জামান খান। এরপর অমরপুর মাঠে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আগে নৌবহর নিয়ে বেদেরা গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখাতেন। কেউ তাবিজ-কবচ ও কবিরাজি ওষুধপত্র বিক্রি করতেন। এখন আর আগের মতো নদী-নালা ও খাল-বিল নেই। তাই এখন বেদেদের পেশা পরিবর্তনের সময় এসেছে। আর তাঁদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমান। কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি হাবিব বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছেন।
বক্তব্য শেষে মন্ত্রী সেলাই প্রশিক্ষণ নেওয়া ১৩৫ জন নারী ও ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া ৩৫ জন তরুণের মধ্যে সনদ বিতরণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, বেদে সম্প্রদায়ের মেয়েদের নিয়ে গড়ে তোলা হয়েছে বুটিক কারখানা ‘উত্তরণ ফ্যাশন’। তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় গড়ে তোলা হয়েছে উত্তরণ শোরুম নামে একটি বিক্রয়কেন্দ্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মজিবর রহমান, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান আবুল বাশার, সাভার পৌরসভার মেয়র আবদুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রমুখ।