এখনকার শিক্ষার্থীরা 'শর্টকাট' পদ্ধতিতে পাস করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, আমাদের দেশে শিক্ষার পরিমাণগত উন্নতি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ছে। তবে সে তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বাড়েনি, উপযুক্ত শিক্ষকেরও অভাব রয়েছে। বিশেষ করে এখনকার শিক্ষার্থীরা কম পড়ে ‘শর্টকাট’ পদ্ধতিতে পরীক্ষায় পাস করতে চায়।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
চন্দ্রাবতী একাডেমির সহযোগিতায় স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শিশু সংগঠন কাকলি খেলাঘর ভৈরব শাখা।
আনিসুজ্জামান কৃতী শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন এবং বড় হয়ে দেশের কাছে ঋণের কথা ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন। অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রী সিদ্দিকা জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক আবদুর রউফ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মুন্সিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুজ্জামান প্রমুখ।