এক মাসেও রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন হয়নি। ওই হামলায় নিহত যুবকের পরিচয়ও মেলেনি।
পুলিশ নিহত যুবকের পরিচয় উদ্ধারের জন্য মুঠোফোনের কলের তালিকা পরীক্ষা করে হদিস করতে পারেনি। এখন ডিএনএ প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে। এ ঘটনার বিষয়ে তথ্য পেতে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রামে আটক তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদও করেছেন। মুসল্লিদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। পুলিশ পাহারায় চলছে নামাজ আদায়।
গত বছরের ২৫ ডিসেম্বর জুমার দিনে এই মসজিদে বোমার বিস্ফোরণে অজ্ঞাত এক বোমা বহনকারী যুবক (২৫) নিহত হন। এ সময় মসজিদের আটজন মুসল্লি আহত হন। চিকিৎসা শেষে এঁদের সবাই বাড়িতে ফিরেছেন।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান গতকাল মঙ্গলবার বলেন, বিভিন্নভাবে নিহত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার দিনে ওই এলাকায় মুঠোফোনের কললিস্টও খতিয়ে দেখা হয়েছে। কোন কোন নম্বরে বেশি কথা বলা হয়েছে, তা-ও খতিয়ে দেখা এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে এ ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা জড়িত থাকতে পারে বলে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সন্দেহ করছেন।
আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত যুবক নিহত হওয়ার এক দিন পর গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশ জঙ্গি সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাত্রত্ব বাতিল করে।
চট্টগ্রামে আটক নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামের তিন জেএমবি সদস্যকেও সন্দেহের তালিকায় রেখে ১৩ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ সেখানে গিয়ে রিমান্ডে থাকা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত রোববার জানান, ডিএনএ পরীক্ষার জন্য বোমা বিস্ফোরণে নিহত যুবকের আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে পাঠানো হয়েছে। যদি ওই যুবকের জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে সেখানে থাকা আঙুলের ছাপের সঙ্গে মিলে যাবে। তখন তাঁর পরিচয় সম্পর্কে জানা যাবে। তবে এখনো ডিএনএ প্রতিবেদন পাওয়া যায়নি। কবে নাগাদ পাওয়া যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তো পাঠিয়েছি, কবে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’