এখনো অন্ধকারে শিবগঞ্জের দুটি মহল্লার মানুষ
১৫ মিনিটের কালবৈশাখীতেই লন্ডভন্ড হয়ে গেল এলাকা। গুরুত্বপূর্ণ সড়কের গাছ, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সমিটার উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এরপর আট দিন পার হলেও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুটি মহল্লার প্রায় চার হাজার মানুষ এখনো অন্ধকারে।
শিবগঞ্জ উপজেলা সদর থেকে তেঘরী ও লয়াপাড়া মহল্লার দূরত্ব আধা কিলোমিটার। সেখানে ৪ এপ্রিল ঝড়ে ভেঙে গেছে বিদ্যুতের বহু খুঁটি। অনেক স্থানে তার ছিঁড়ে গেছে। খুঁটিসহ ট্রান্সমিটার ভেঙে পড়ে। এরপর আট দিন পেরিয়ে গেলেও সেখানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি। রাতে বিদ্যুৎহীন গোটা এলাকায় ঘুটঘুটে অন্ধকার। ফলে ওই দুই মহল্লার প্রায় চার হাজার মানুষ এই গরমে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীদের কষ্ট চরমে উঠেছে।
তেঘরী মহল্লার ছামসুল ইসলাম (৫০) বলেন, ‘আধা কিলোমিটার দূরে উপজেলা সদর। সেখানে রাতে বাতি জ্বলে। কিন্তু আমরা বিদ্যুতের অভাবে হাঁসফাঁস করছি। বিদ্যুৎ অফিসে ধরনা দিলে, “এই হবে, হচ্ছে” ধরনের কথা বলা হচ্ছে।’
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘তিন দিন হলো সেখানে মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই বিদ্যুৎ-সংযোগ চালু করা হবে।’