লাঙ্গলবন্দে ১০ পুণ্যার্থীর প্রাণহানির এক বছর পূর্তি
এখনো আতঙ্ক কাটেনি, চলছে স্নানোৎসবের প্রস্তুতি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর প্রাণহানির ঘটনার এক বছর পূর্তি আজ রোববার। এর মধ্যে ১৪ এপ্রিল লাঙ্গলবন্দে স্নানোৎসবকে কেন্দ্র করে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। তবে সেতুর নির্মাণকাজ এখনো শেষ হয়নি। গত বছরের দুর্ঘটনার আতঙ্ক এখনো আছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সরেজমিন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রতিবছর পাপমোচনের জন্য স্নান করতে দেশ-বিদেশের হিন্দুধর্মাবলম্বী কয়েক লাখ পুণ্যার্থী বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে ভিড় জমান। গত বছরের ২৭ মার্চ সকালে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসবে বেইলি সেতু ভেঙে পড়ার গুজব ছড়ালে ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় তখন জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করে। সেই অনুযায়ী লাঙ্গলবন্দের সড়ক প্রশস্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুটি বেইলি সেতু অপসারণ করে সেখানে আরসিসি সেতু নির্মাণ শুরু হয়। এর মধ্যে যে বেইলি সেতুটি অপসারণ করে নতুন আরসিসি সেতু নির্মাণের কাজ চলছে। এখন সেতুর ছাদ ঢালাইয়ের কাজ বাকি।
এদিকে আগামী ১৪ এপ্রিল মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে এর আয়োজন চলছে। নদ থেকে খননযন্ত্রের সাহায্যে মাটি তুলে তীরে রাখা হচ্ছে। ঘাটগুলো পরিষ্কার করা হচ্ছে। তবে নদের কচুরিপানা এখনো পরিষ্কার হয়নি। বিশেষ করে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন না হলে ভিড়ের চাপে আবারও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ কনস্ট্রাকশনের প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, ‘ডিসেম্বরে সেতুর নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে একটি সেতুর গার্ডার লাগানো হয়েছে। ওপরের ছাদ ঢালা বাকি আছে। আশা করছি, ১০ এপ্রিলের মধ্যে ছাদের কাজ শেষ হবে।’
লাঙ্গলবন্দ স্নান উদ্যাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা বলেন, এবারের প্রস্তুতি ভালো। অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। দখলদারদের উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা হয়েছে। স্নানের তিথি রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, অষ্টমী স্নান উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি দুই ধরনের। একটি আগামী স্নান উৎসবকে কেন্দ্র করে এবং অপরটি দীর্ঘ মেয়াদি। এ বছর নির্বিঘ্নে স্নান উৎসব সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।