এখনো ঈদ আমেজে বেবি হোমের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ঈদের আনন্দ মানেই নতুন পোশাক আর মা-বাবার হাত ধরে ঘুরে বেড়ানো। চট্টগ্রামের ছোটমণি নিবাসের (বেবি হোম) হতভাগ্য শিশুদের মা-বাবার হাত ধরে বেড়ানোর সৌভাগ্য হয়নি। কিন্তু নতুন পোশাক আর ইচ্ছেমতো খেলার সুযোগ তাদের ঈদের আনন্দকে করেছে পরিপূর্ণ। এখনো ঈদের আমেজে রয়েছে সেখানকার ৪৮টি শিশু।
এ নিবাসে থাকা শিশুদের অনেকেই পথ হারিয়ে এখানে ঠাঁই পেয়েছে। আবার কারও মা রয়েছেন কারাগারে। হাসপাতালে ফেলে যাওয়া অনেক শিশুরও ঠাঁই হয়েছে এখানে। এক দিনের শিশু থেকে শুরু করে সাত বছর বয়সী শিশুরা ভাইবোনের মতো বেড়ে উঠছে এ নিবাসে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় অবস্থিত ছোটমণি নিবাসে গিয়ে দেখা যায় নতুন পোশাকে একসঙ্গে খেলাধুলায় মত্ত রয়েছে শিশুরা। এবারের ঈদে চারটি করে নতুন পোশাক পেয়েছে শিশুরা। সরকারিভাবে একটি আর বাকি তিনটি পোশাক ব্যক্তি ও বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া।
এসব শিশুর নতুন পোশাক পাওয়ার উপলক্ষ কেবল ঈদ। ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত প্রতিদিনই একটি করে নতুন পোশাক পরেছে তারা।
শিশুদের দেখভালের দায়িত্বে থাকা রুমা পারভিন জানান, ঈদের দিন সকালে গোসলের পর শিশুদের নতুন পোশাক পরানো হয়। এরপর প্রত্যেকের হাতেই মেহেদি লাগানো হয়, মেয়েশিশুদের সাজানো হয় টিপ, আর চুড়ি দিয়ে। সকালে সেমাই, পরোটা আর দুপুরে দেওয়া হয় পোলাও-মুরগি। তাদের জন্য বিশেষ গানবাজনা আর খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়।
ঈদের পরেও অনেকে দেখতে এসে এসব শিশুর জন্য চকলেটসহ নানা উপহার সামগ্রী দিয়ে গেছেন। এসব উপহার তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
আড়াই বছরের রাকিব, চার বছর বয়সের আইরিন আর মিনহাজ, পাঁচ বছরের পিংকি আর ছয় বছর বয়সী আইরিনের জন্য এবারের ঈদটি অন্য রকম। এদের মধ্যে আইভী-আইরিন দুই বোন, মিনহাজ-পিংকি ভাইবোন। এরা প্রত্যেকেই এবারই প্রথম ঈদ করছে এখানে। রাস্তায় খুঁজে পেয়ে মা-বাবার হদিস করতে না পেরে এদের ছোটমণি নিবাসে হস্তান্তর করে পুলিশ।
বয়সের তুলনায় অতি শান্ত আর বিষণ্ন আড়াই বছর বয়সী রাকিব। সাড়ে তিন মাস আগে পুলিশ খুঁজে পায় তাকে। রাকিবও ঈদের দিন আনন্দেই ছিল বলে জানান ছোটমণি নিবাসের কর্মরত ব্যক্তিরা।
ছোটমণি নিবাসের সহকারী শিক্ষক বন্দনা সরকার বলেন, ‘এখানকার প্রত্যেকটি শিশুই আমাদের নিজের সন্তানের মতো। বাবা-মায়ের অভাব যাতে বুঝতে না পারে, সেভাবেই মানুষ করার চেষ্টা করছি। ওরাও একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে বড় হচ্ছে।’
ছোটমণি নিবাস সূত্রে জানা যায়, এখানকার আসনসংখ্যা ১০০। প্রতি মাসে জনপ্রতি শিশুর বরাদ্দ দুই হাজার টাকা।