এখনো খোলা আকাশের নিচে অনেক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে উড়ে যাওয়া একটি পরিবারের ঘর এটি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ঝড়ে উড়ে যাওয়া একটি পরিবারের ঘর এটি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা ও চারটি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো খোলা আকাশের নিচে বাস করছে। এসব পরিবার কীভাবে আবার ঘরবাড়ি তুলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
গত রোববার বিকেলে ছয় কিলোমিটার এলাকায় শাহজাদপুর পৌর শহরসহ জালালপুর, খুকনি, বেলতৈল ও হাবিবুল্লাহ নগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রায় এক মিনিট স্থায়ী এ ঝড়ে রূপসী, সালদাইর, স্বড়াতৈল, চরবেতকান্দি, ঘোড়াশাল ও পৌর শহরের ৩০টি এলাকার ২ হাজার ২০০টি বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। কয়েক হাজার গাছপালা ভেঙে যায় ও উপড়ে পড়ে। ঝড়ে ৫৫টি বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের প্রায় ১০ কিলোমিটার লাইনের তার ছিঁড়ে যায়। তিন দিন ধরে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চরবেতকান্দি গ্রামের সাবুলাল মিয়া, বিধবা রাহেলা বেওয়ার ভিটায় ঘরের চিহ্ন পর্যন্ত নেই। শুধু বেড়া পড়ে আছে। ঘরের মধ্যে থাকা কিছু আসবাব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই অবস্থা স্বড়াতৈল, রূপসী, সালদাইর, ঘোড়শাল গ্রামেও।
স্বড়াতৈল গ্রামের ময়না বেওয়া, চেন বানু, ঘোড়শাল গ্রামের হাসনা বেগম, গোবিন্দ শীল, সেলিম মিয়া, রূপসী গ্রামের নূর হোসেন, ফুল চান মিয়া, ফজর আলীসহ অনেকেই বলেন, এমনিতেই বন্যার সময়। কাজ নেই, হাতে টাকাও নেই। ঘর তুলতে অনেক টাকা লাগবে। যদি সরকার টিনের ব্যবস্থা করত, তাহলে আপাতত চাল তুলে মাথা গোঁজার ঠাঁইটুকু হতো।
জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও খুকনি ইউপির চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকাংশই দরিদ্র। তাদের সহযোগিতা প্রয়োজন। ইউএনও শামীম আহমেদ বলেন, ঝড়ে ২ হাজার ২০০টি বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা বিতরণ করা হচ্ছে। ঘর নির্মাণের জন্য টিনের বরাদ্দ চেয়ে চাহিদাপত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।