এখনো চালু হলো না ডট বাংলা ডোমেইন
আবার পিছিয়ে গেল বাংলাদেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সিসিটিএলডি) ডট বাংলা চালুর উদ্যোগ। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি চালুর কথা থাকলেও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সংস্থা আইকানের অনুমোদন না মেলায় এখনই এটি চালু করা সম্ভব হচ্ছে না।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১৬ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন চালু করার কথা জানিয়েছিলেন। তবে ওই দিন সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু হওয়ায় এরপর তারিখ পরিবর্তন করে ভাষার মাস ২১ ফেব্রুয়ারিতে চালু করা হবে বলে ঠিক হয়।
জানতে চাইলে তারানা হালিম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দিক থেকে ডট বাংলা চালুর সব প্রস্তুতি শেষ। কিন্তু এটি চালুর জন্য আইকানের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। তারা অনুমোদন করলেই এটি চালু করা যাবে।’ ডোমেইনটি চালু করার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীও প্রথম আলোকে একই তথ্য জানান।
প্রসঙ্গত, ইন্টারনেটে ডোমেইন নাম, ঠিকানা বরাদ্দকারী আন্তর্জাতিক সংস্থা হলো ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরস (আইসিএএনএন বা আইকান)। বাংলাদেশের জন্য আইকানের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি (.বিডি)। ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন।
জানা গেছে, এ ডোমেইনের অধিকার পেতে ২০১১ সালে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে ভারত সরকারও আবেদন করে। সব দিক বিবেচনা করে আইকান ২০১২ সালে ডোমেইনটি বাংলাদেশকে বরাদ্দ দেয়। বরাদ্দ পাওয়ার চার বছরেও চালু না হওয়ায় আইকানের কান্ট্রি কোড ডোমেইনের তালিকায় ডট বাংলা নামের পাশে লেখা আছে ‘নট অ্যাসাইনড’।
২০১২ সালে ডট বাংলা ব্যবহারের অনুমতি পেলেও পদ্ধতিগত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে না পারায় এখনো তা বাংলাদেশের হয়নি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) না বিটিসিএল—সরকারি কোনো সংস্থা এটি তত্ত্বাবধান করবে, এ বিষয়ে দীর্ঘদিনেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় বিষয়টি দীর্ঘসূত্রতার কবলে পড়ে। গত বছরের ১৯ মে আইকানের একটি প্রতিনিধিদল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দেখা করে বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তখন কীভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে প্রতিনিধিদলের পরামর্শ চান প্রতিমন্ত্রী।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, ‘এই বিপর্যয় সৃষ্টির জন্য মূলত দায়ী বাংলাদেশের আমলাতন্ত্র। যত কারণই দেখানো হোক না কেন, এত দিনেও নিজের ভাষায় ডোমেইন চালু করতে না পারাটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের।’