এখনো চেনা রূপে ফেরেনি রাজধানী

গত শনিবার ছিল ঈদের টানা নয় দিনের সরকারি ছুটির শেষ দিন। দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও রাজধানীতে এখনো ঈদের আমেজ কাটেনি। ফিরে আসেনি দেশের ব্যস্ততম শহরটির স্বাভাবিক কর্মচাঞ্চল্য। রাস্তায় নেই কোনো দীর্ঘ যানজট, মানুষের ভিড়, ভোগান্তি।
গতকাল সোমবার সকাল থেকে ঢাকার মিরপুর, ধানমন্ডি, কল্যাণপুর, বনানী, ফার্মগেট, মহাখালী, মতিঝিল, পুরানা পল্টন, শাহবাগ, গুলিস্তান নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার অর্ধেকের বেশি বিপণিবিতান এখনো বন্ধ রয়েছে। রাস্তার পাশের অল্প কিছু দোকানপাট খুললেও সেগুলো ছিল প্রায় ক্রেতাশূন্য। অফিস-আদালতেও ছিল অনেকটা ছুটির আমেজ। শুধু শহরের বিনোদনকেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিন সকালে শাহবাগে কথা হচ্ছিল মোস্তাকিম হোসেন নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ‘অন্য সময়ে মিরপুর ১০ নম্বর থেকে শাহবাগ পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে দেড় ঘণ্টা লেগে যায়। আজকে (সোমবার) আধঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম।’ এ সময় শাহবাগ শিশুপার্ক ও জাতীয় জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। আজিজ সুপার মার্কেটের কয়েকটি খাবারের দোকান বাদে অধিকাংশ দোকানই ছিল বন্ধ।
একইভাবে নিউমার্কেটে কিছু খাবারের দোকান এবং নীলক্ষেতের কয়েকটি বই ও তেহারির দোকান খোলা থাকলেও লোকজনের ভিড় তেমন ছিল না। নীলক্ষেতের আল্লার দান তেহারি ঘরের ব্যবস্থাপক আবদুল কুদ্দুস বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের দোকানগুলোতে ভিড় বাড়বে। তবে বইয়ের দোকানগুলোতে এখনো তেমন বেচাবিক্রি শুরু হয়নি।’
এদিকে পুরানা পল্টন থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত দুপাশের ফুটপাত ছিল হকারশূন্য। স্বাভাবিক কর্মদিবসেও ব্যাংকপাড়ায় মানুষের সমাগম ও রাস্তায় যানবাহনের চাপ—দুই-ই ছিল অনুপস্থিত। মহাখালী, কাকলি ও বনানীতে কয়েকটি খাবারের হোটেল আর ফুটপাতের দোকান ছাড়া বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ।
বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের সমাবেশের জন্য দুপুরের পর থেকে প্রেসক্লাব, শাহবাগ, গুলিস্তান, চানখাঁরপুলসহ আশপাশের এলাকার চিত্র খানিকটা পাল্টে যায়। সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের গাড়ি ও খণ্ড খণ্ড মিছিলের কারণে ওই এলাকাগুলোতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।