এখনো তিনি স্বপদে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নুনদহ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সনদ জালিয়াতি করে উপাধ্যক্ষ পদে চাকরি করার সত্যতা পাওয়ার পর এখনো তিনি স্বপদে বহাল আছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের তদন্ত কমিটি মোস্তাফিজুরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (মাদ্রাসা বিভাগ) সূত্রে জানা গেছে, মোস্তাফিজুরের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ এনে ২০১২ সালে মাদ্রাসা পরিচালনা কমিটির তিন সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের মো. সেলিম তোহার নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) আতাউর রহমান।
পরে তদন্ত কমিটি ২০১২ সালের ১৯ ও ৩১ জুলাই মাদ্রাসা পরিদর্শন করে নথিপত্র ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করে। এরপর ২০১৩ সালের ২১ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনে কমিটির সদস্যরা উল্লেখ করেন, মোস্তাফিজুর ১৯৯৭ সালের ১৫ মার্চ ওই মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১২ সালে উপাধ্যক্ষের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। সেখানে আরবি বিভাগের প্রভাষক হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। মোস্তাফিজুর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে চাকরি করলেও ১৯৯১ সালে অর্জন করা মাদ্রাসা বোর্ডের ফাজিল পাসের সনদ ও অভিজ্ঞতা উল্লেখ করে ২০১২ সালে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতার সনদগুলো পরীক্ষা করে দেখা যায়, তিনি ১৯৯১ সালে একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস (অনার্স) ডিগ্রি এবং একই বছর ও একই শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বগুড়ার নুনদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। আইন অনুযায়ী, একই শিক্ষাবর্ষে একই ব্যক্তি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নেওয়া বিধিসম্মত নয়। তদন্তকালে অভিযুক্ত মোস্তাফিজুর একই শিক্ষাবর্ষে দুটি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনের বিষয়ে নিজের ভুল স্বীকার করেছেন। নিজের অপরাধ স্বীকার করায় তদন্ত কমিটি মোস্তাফিজুরকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে পদাবনতির সুপারিশ করেন।
তদন্ত কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন গত ১৮ ফেব্রুয়ারি ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিকে চিঠি দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুপারিশ আমলে না নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকার সুযোগ নিয়ে মোস্তাফিজুর উল্টো সাংসদ রেজাউল করিমের কাছ থেকে ডিও লেটার নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটিই পরিবর্তন করে ফেলেন। তিনি আগের কমিটির সভাপতি মতিউর রহমানের পরিবর্তে কামরুল ইসলাম নামের একজনকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেন।
মতিউর বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পরিচালনা কমিটির সভা আহ্বান করতে বলেছিলাম। তিনি সভা আহ্বান না করে গোপনে স্থানীয় সাংসদের ডিও লেটার নিয়ে কমিটির সভাপতি পরিবর্তন করেন। সভাপতি পরিবর্তনের কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর জানান, তিনি কোনো সনদ জালিয়াতি করেননি। বিধি অনুযায়ী তিনি উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে দোষ স্বীকারের বিষয়টিও তিনি অস্বীকার করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোখলেছুর রহমান জানান, আগের সভাপতি বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে সে অনুযায়ী মোস্তাফিজুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।