
নৃত্যশিল্পী মিতি। তাঁর আরেকটি পরিচয় মডেল। অবশ্য মডেলিংয়ে নিয়মিত নন তিনি। নাচেই সময় কাটছে বেশি। চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ সালের প্রতিযোগিতায় চতুর্থ হন। গত ২৯ জানুয়ারি প্রথম আলো কার্যালয়ে আলাপচারিতায় বলেন তাঁর স্বপ্ন ও উঠে আসার গল্প
শুরুতে সেরা নাচিয়ে
চ্যানেল আইয়ের এই প্রতিযোগিতা আমার ভিত মজবুত করেছে। ছোটবেলা থেকেই নাচ করছি। তবে এই প্রতিযোগিতা বড় পাওয়া। এখানে নিজেকে পরখ করার সুযোগ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের তিন কোরিওগ্রাফার—ভারতের সুকল্যাণ ভট্টাচার্য, আমেরিকার ক্যাথলিন ওয়েটস ও রাশিয়ার এনা করোসিয়ানের কাছে শিখতে পেরেছি। তা ছাড়া প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরোতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
এখন ব্যস্ততা
নাচ নিয়েই ব্যস্ত সময় কাটছে। প্রায় বিভিন্ন বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করতে হচ্ছে। তার ওপর পড়াশোনার চাপ তো আছেই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি।
এবার ফ্লাশব্যাক
স্কুলে যাওয়ার আগে নাচ শেখা শুরু। তখন আমার বয়স মাত্র দুই বছর। শিল্পী সঙ্গীতা চক্রবর্তীর কাছে হাতেখড়ি। সবচেয়ে মজার ব্যাপার নাচ শুরুর ১৫ দিনের মাথায় মঞ্চে আমার পরিবেশনা ছিল। ‘একতারা বাজাইও না’ গানটির সঙ্গে নেচেছিলাম। আমার বেড়ে ওঠাও সংস্কৃতির আবহে। বাবা (শফিউল আলম) যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। তিনি এখন আছেন চট্টল থিয়েটারে। মা (শরীফা আক্তার) ভালো গিটার বাজাতেন। ভাইয়া
(সালেহ মোহাম্মদ তাহসিন) গান করতেন। ফলে সুরের মধ্যেই আমার বসবাস। মা-বাবা দুজনেই আমাকে বেশ উৎসাহ দেন। আমি বিভিন্ন সময় শিখেছি শিল্পকলা, কিডস কালচারাল ও শিশু একডেমীতে। বড় হয়ে ভরতনাট্যম ও কত্থকের তালিম নিয়েছি। তবে আমার প্রিয় কত্থক। অবশ্য বাবার সঙ্গে থিয়েটারে আসা-যাওয়ার ফাঁকে কিছুদিন থিয়েটারেও কাজ করেছি। পরে আর সেদিকে নিয়মিত হইনি।
অর্জনের ঝুলি
২০০২ সালে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকনৃত্যে স্বর্ণপদক ও সাধারণ নৃত্যে দ্বিতীয়। এ ছাড়া ২০০৩ সালে নতুন কুঁড়িতে লোকনৃত্য তৃতীয় হই।
এগোতে চান যেভাবে
নাচই আমার সব। নাচের একটি স্কুল গড়ব। ভবিষ্যতে নাচে আরও পড়াশোনা করে নিজেকে পোক্ত করতে চাই। অভিনয় ও টিভি বিজ্ঞাপনেও কাজ করার ইচ্ছা আছে। কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু রাখতে পারিনি। পড়াশোনা ও চট্টগ্রামে থাকার কারণে বাদ দিতে হয়েছে। সেরা নাচিয়ে প্রতিযোগিতার বিচারক ফেরদৌস স্যারও আমাকে নায়িকা হওয়ার কথা বলেছিলেন। খেতাব দিয়েছিলেন ‘কুইন অব এক্সপ্রেশন’। তাঁর সেই মন্তব্য আমার মধ্যে প্রেরণা হিসেবে কাজ করে। তবে ভালো কাজটা করতে চাই। এ জন্য এখনো নিজেকে তৈরি করছি।
কথোপকথন: আশরাফ উল্লাহ