এখনো পানিতে ডুবে আছে স্কুলের মাঠ

মাদারগঞ্জ পৌর এলাকার বনচিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বর্ষার সময় জলাবদ্ধ হয়ে পড়ে। গত মাসের বন্যায় মাঠটি তলিয়ে গেলে শিক্ষার্থীদের পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। বিদ্যালয়ে যাতায়াতের কোনো সড়ক নেই। মাঠে এখনো রয়ে গেছে জলাবদ্ধতা ও কচুরিপানার জঞ্জাল।
মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ৫২ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন শিক্ষার্থীও ছিল অনেক। ১৯৯২-৯৩ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একতলা একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু ১৯৯৬ সালের বন্যায় যমুনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় ভবনটি ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত মাদারগঞ্জ পৌর এলাকার গাবের গ্রাম বাজারে অবস্থিত কো-অপারেটিভ ব্যাংকে (সমবায় ব্যাংক) ১৫০ টাকায় ঘর ভাড়া নিয়ে ক্লাস নেওয়া হতো। এরপর ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত গাবের গ্রামের বাসিন্দা শাহিন তালুকদারের জমি চুক্তি হিসেবে নিয়ে সেই জমিতে শিক্ষকদের নিজ টাকায় টিনের দুটি দোচালার ছোট ঘর নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। ২০১২-২০১৩ অর্থবছরে ৫০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে একতলা একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু বর্ষার সময় বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।
অভিভাবক বেলি আক্তার বলেন, বন্যার সময় বিদ্যালয়ের চারদিকে পানি থই থই করে। ছেলে পানিতে পড়ে যাওয়ার ভয়ে তাকে অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন।
এদিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য কোনো সড়ক নেই। বিদ্যালয়ের পশ্চিমে থাকা খেতের আইল ধরে যাতায়াত করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফরিদা ইয়াসমিন বলেন, এর আগের টিও, ইউএনও স্যার ও বর্তমান পৌরসভা মেয়রকে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয়া পারভীন জানায়, পানির কারণে মাঠে তারা খেলতে পারছে না। এ ছাড়া পানি থাকায় খেতের আইল দিয়ে যাওয়াটাও সমস্যা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানের কাছে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক নির্মাণের জন্য লিখিত দরখাস্ত করেন। পরে গত ১৫ সেপ্টেম্বর এলাকাবাসী সড়ক নির্মাণের দাবিতে পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তাঁরা সবাই নতুন যোগদান করেছেন। কোনো বিদ্যালয়ের তথ্য এখনো তাঁরা জানতে পারেননি। তদন্ত করে দেখতে হবে। ঘটনা সঠিক হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্র সড়ক নির্মাণ করা হবে।