এখনো ফেরেননি তিন হাজার হজযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে হজে যাওয়া তিন হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরব থেকে এখনো দেশে ফেরেননি। গতকাল মঙ্গলবার কাতারের ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমসের ঢাকা থেকে করা একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ অক্টোবর হজযাত্রীদের সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছায়। অভিযোগ রয়েছে, কিছু হজ এজেন্সি হজ ও ওমরাহ পালনের নামে মানব পাচারের সঙ্গে যুক্ত। এ অভিযোগে গত বছর বাংলাদেশ সরকার ৯৫টি হজ ও ওমরাহ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। এসব সংস্থা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (এটিএবি) অধীনে পরিচালিত।

বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন লোক হজ করেছেন।

ঢাকায় হজ কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ‘হজে যাওয়া তিন হাজারের বেশি লোক দেশে ফেরেননি। অনেক হজযাত্রীই তৃতীয় কোনো বিমান সংস্থার মাধ্যমে দেশে ফিরে থাকেন। কাজেই সৌদি আরবের হজ কার্যালয় ও অভিবাসন বিভাগ থেকে প্রকৃত সংখ্যা জানার জন্য আমরা অপেক্ষা করছি।’ মোস্তফা কামাল সতর্ক করে দিয়ে বলেন, হজ ও ওমরাহ পালনের কথা বলে মানবপাচারে জড়িত থাকা সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কোনো অনিয়ম সহ্য করব না। কেননা এখানে দেশের ভাবমূর্তি জড়িত।’
সম্প্রতি অনুষ্ঠিত হজবিষয়ক টাস্কফোর্সের সভায়ও বিষয়টি আলোচিত হয়েছে।

হাবের এক নেতা বলেছেন, দীর্ঘ সময়ের প্যাকেজ এবং তৃতীয় কোনো বিমান সংস্থা ব্যবহারের কারণেই হজযাত্রীদের দেশে ফিরতে দেরি হচ্ছে। সংগঠনটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হেলাল বলেন, ‘সৌদি আরবের অভিবাসন বিভাগ থেকে হজ শেষে দেশটি ত্যাগ করা ব্যক্তিদের চূড়ান্ত তালিকা পাওয়ার পর আমরা জানতে পারব, সেখানে কতজন বাংলাদেশি রয়ে গেছেন।’ এজেন্সি মালিকেরা মানব পাচারের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হেলাল বলেন, ‘হজ পালন শেষে কেউই সৌদি আরবে থাকতে চাইবে না। অনেক হাজি তৃতীয় কোনো বিমান সংস্থার মাধ্যমে এখনো দেশে ফিরছেন। সরকারি অনেক কর্মকর্তাসহ অন্য অনেক কর্মকর্তাই সৌদি আরবে হজ করতে গিয়েছেন তৃতীয় কোনো মাধ্যমে।’

গত বছর অনিয়মের কারণে বাংলাদেশের ৬৯টি হজ ও ওমরাহ এজেন্সির নিবন্ধন বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়। এ ছাড়া ২৬টি এজেন্সির জামানত বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সৌদি আরব সরকারের দেওয়া তালিকা অনুসারে এবং গত সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অনিয়মে জড়িত এজেন্সিগুলোকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।