এখনো বড় বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসংলগ্ন চত্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসংলগ্ন চত্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি

এখনো বড় বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নিজেদের মধ্যে বিশ্বাসঘাতক না থাকলে ষড়যন্ত্র সফল হয় না। আমাদের মধ্যে খুনি মোশতাক ছিল বলেই সেদিন তারা পেরেছিল।’
গতকাল রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। সেটা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো থামেনি। এখনো বড় বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে। মাইনাস-টু, গুলি-বোমা কিছুই আমাকে থামাতে পারেনি। সব ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছি।’
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে। গতকালের কর্মসূচি এরই অংশ। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
১৯৭৫-এর ১৫ আগস্টের শোকাবহ দিনের কথা স্মৃতিচারণা করে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ছিলাম দেশের বাইরে, স্বামীর কর্মস্থলে। ঘরভর্তি মানুষ রেখে বিদায় নিয়েছিলাম। এসে বিমানবন্দরে লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার পরিবারের কাউকে পেলাম না।’ বঙ্গবন্ধু ভবনের দিকে অঙ্গুলি নির্দেশ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘এই বাড়িতে আমরা মিলাদ পড়তে চেয়েছিলাম। কিন্তু জিয়া অনুমতি দেয়নি। রাস্তার ওপর মিলাদ পড়েছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে বেইমান আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে পুনর্বাসন করেন। ওই দায়িত্ব পড়ে আজকের শমসের মবিন চৌধুরীর ওপর। তাঁকে বঙ্গবন্ধু জার্মানিতে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বেইমান চিরকালই বেইমান। এটা হয়তো অনেকে জানেন না।’ তিনি বলেন, ‘আমেরিকা, কানাডা ও পাকিস্তানে কিছু খুনিকে শেল্টার দেওয়া হয়েছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।’
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, কৃষি ও সমবায় সম্পাদক আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ বক্তব্য দেন।