গত এক বছরে সাক্ষ্যগ্রহণ হয়েছে মাত্র চারজনের। এখনো বাকি আছেন ১ হাজার ৩০২ জন। এটা নিম্ন আদালতে চলা বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলার অবস্থা।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বীকার করছি, মামলার বিচার ধীরগতিতে চলছে। তবে চলতি বছরের মধ্যে এ মামলার বিচার শেষ হবে বলে আশা করছি। সাক্ষীদের সংখ্যা বেশি হলেও যাচাই-বাছাই করে তা কমিয়ে আনা হবে।’
তবে আসামিপক্ষের এক আইনজীবী ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, বিস্ফোরক মামলায় এখন মাসে একবার তারিখ পড়ে। এভাবে চললে অনেক বছর লাগবে বিচার শেষ হতে। তিনি বলেন, যেসব আসামি হত্যা মামলায় খালাস পেয়েছেন, তাঁরাও কারাগার থেকে ছাড়া পাননি এ মামলার কারণে।
সাত বছর আগে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় করা হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৭৮ জন খালাস পান। ফাঁসির আসামিদের মধ্যে জেলহাজতে আছেন ১৩৭ জন, একজন মারা গেছেন, পলাতক ১৪ জন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে করা আপিলের শুনানি চলছে হাইকোর্টে। পাশাপাশি ৬৯ আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের একটি আপিল শুনানি চলছে। অপরদিকে বিস্ফোরক মামলায় ৮৩৪ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১২ জন আসামি মারা গেছেন।
জানা গেছে, ২০১৩ সালের ১৩ মে বিস্ফোরক মামলার বিচার শুরু হয়। আর ওই বছরের ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত এক বছরে মাত্র চারজনের সাক্ষ্য শেষ হয়েছে। সর্বশেষ এ মামলার তারিখ ছিল ২৪ জানুয়ারি। সেদিন মামলার ৩১তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মামলার শুনানির তারিখ রয়েছে। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনালে চলছে এ মামলার বিচার।
আদালতের পেশকার ফয়েজ আহম্মেদ প্রথম আলোকে জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় করা খুনের মামলা বিচার চলত সপ্তাহে তিন দিন। বর্তমানে বিস্ফোরক মামলার শুনানির তারিখ পড়ে মাসে এক দিন।
বিস্ফোরক মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, আসামিরা পিলখানার বিডিআর সদর দপ্তর এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সরকারি অস্ত্রাগার থেকে অবৈধভাবে গোলাবারুদ ও গ্রেনেড নিয়ে তা বিস্ফোরণ ঘটিয়ে সেনা অফিসার, তাঁদের পরিবারের সদস্যসহ অন্য ব্যক্তিদের হত্যা করেন। আর জখম, লুটপাট ও অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন, যা বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারার অপরাধ। এ ছাড়া অস্ত্রাগার থেকে গোলাবারুদ ও বিস্ফোরক নিজেদের দখলে নেন, যা বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৪ ও ৬ ধারার অপরাধ।