বিশাল বটগাছের পাশে দুটি পাকা ঘর। ওপরে টিনের ছাউনি। পাশে দুটি শৌচাগার। ঘর দুটির সামনে দুটি রান্নাঘর। আছে বিদ্যুতের সংযোগও। সরকারিভাবে নির্মিত ঘর দুটি দুই নারীর। তাঁরা উভয়েই ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট দেওয়ায়’ ধর্ষণের শিকার হন। এখনো ভয়ে তাঁরা সেখানে ঠিকমতো থাকতে পারছেন না।
যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল ঋষিপল্লির সরকারি ঘর দুটিতে ভুক্তভোগী দুই নারীর পরিবারের সদস্যরা থাকছে। ২০১৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে গণধর্ষণের শিকার দুই নারী সম্পর্কে ননদ-ভাবি। ঘটনার পর থেকেই পালিয়ে ছিলেন তাঁরা। তাঁদের একজন ছয় মাস আগে সেই বাড়িতে ফিরেছেন। অন্যজন মাঝেমধ্যে বাড়ি এলেও দিন থাকতেই ফিরে যান।
গত শনিবার ঋষিপল্লিতে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ভুক্তভোগী দুই নারীর পরিবারের সদস্যরা জানান, সরকারের তৈরি ঘর দুটি পল্লির একটু বাইরের অংশে। এ জন্য রাতে তাঁরা খুব ভয়ে থাকেন। তাঁরা বলেন, আসামিদের সবাই এখন জামিনে। তাঁরা প্রায় প্রতিদিন পল্লিতে এসে পল্লির কিছু লোকের সঙ্গে আড্ডা দেন। তাস খেলেন। তাঁরা নানাভাবে তাঁদের হুমকিও দেন।
ভুক্তভোগী এক নারীর শ্বশুর বলেন, ‘জামিনে এসে আসামিরা আমাকে মেরে ফেলবে বলে দুইবার হুমকি দিয়েছে। খুব ভয় লাগে।’ অন্য নারীর বাবা বলেন, ‘মাঝে আসামিরা নানাভাবে হুমকি দিত। মামলা তুলে নিতে বলত। কিছুদিন বলছে না। এখন একটু ভালো আছি। কিন্তু রাতের বেলায় খুব ভয় লাগে।’ তাঁর শাশুড়ি বলেন, ‘এখনো রাতে ঠিকমতো ঘুম হয় না। কোনো কিছুর শব্দ হলে বুকটা কেঁপে ওঠে।’
ভুক্তভোগী এক নারী মুঠোফোনে বলেন, ‘কাজের মধ্যে থাকলে ভালো থাকি। সেই রাতের ঘটনার কথা মনে পড়লে ভীষণ লজ্জা পাই। বাড়ি যেতে মন চায় না।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ভোট দেওয়ায়’ ২০১৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে মুখোশধারী দুর্বৃত্তরা ঋষিপল্লিতে হানা দেয়। তারা দুটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ধর্ষণের শিকার হন দুই নারী। পরে ১০ জানুয়ারি দুই নারী সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মনিরামপুর থানায় পৃথক দুটি মামলা করেন। এরপর পুলিশ ভোমরদহ গ্রামের মফিজ গাজী (২৮), সাহাবুদ্দীন হোসেন ওরফে সিহাব (২৫), সিদ্দিকুর রহমান (২৮) ও ঋষিপল্লির উত্তম দাসকে (২৮) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মফিজ গাজী, সাহাবুদ্দীন হোসেন ও সিদ্দিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর মধ্যে মফিজ ও সাহাবুদ্দীন ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তিতে নাম আসে ভোমরদহ গ্রামের সাইফুল ইসলাম (৩৮), সোহরাব হোসেন (৪৩), রেজাউল ইসলাম (৩৫), মো. আলীম (৩৩), মো. ইলিয়াস (৩৩) ও মো. আবু তাহেরের (৩১)। এরপর একই বছরের ২৫ এপ্রিল মামলা দুটি যশোর অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।
যশোর সিআইডির পরিদর্শক মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ শাহজান খান মামলা দুটি তদন্ত করে ওই বছরের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা দুটিতে ১০ জন করে আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। আসামিদের সবাই বিএনপি ও জামায়াতের সমর্থক এবং ৫ জানুয়ারির নির্বাচনে ‘ভোট দেওয়ায়’ তারা এ ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগপত্র দুটিতে উল্লেখ করা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘ঋষিপল্লির সামগ্রিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তাঁরা (ভুক্তভোগীরা) আতঙ্কগ্রস্ত আছেন, এমন তথ্য আমাদের কাছে নেই। তাঁদের অহেতুক আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ব্যাপারে তাঁদের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’