এখনো মাতৃভাষায় বই পায়নি ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি মাস শেষ হতে যাচ্ছে। অথচ উত্তরবঙ্গের সাদরিভাষী ক্ষুদ্র জাতিসত্তার প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিশুরা এখনো মাতৃভাষার বই হাতে পায়নি।

সাদরি ভাষার পুস্তক প্রণয়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে যুক্ত ক্ষুদ্র জাতিসত্তার নেতাদের মধ্যে সিরাজগঞ্জের যোগেন টপ্য, নওগাঁর বঙ্গপাল সর্দার ও রাজশাহীর কল্যাণী মিনজের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও পঞ্চগড় জেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদরিভাষী ওঁরাও, মুন্ডা, মাহাতো, মালো, মাল পাহাড়িয়া, সিং, রাজোয়ার প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বছরের শুরুতেই ক্ষুদ্র জাতিসত্তার প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিশুরা মাতৃভাষার বই হাতে পাওয়ার কথা। কিন্তু জানুয়ারির শেষ দিকে এসেও বই পায়নি শিশুরা।

যোগেন টপ্য প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানতে পেরেছি, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও রংপুর ছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলো থেকে বইয়ের চাহিদাই পাঠানো হয়নি।’

বঙ্গপাল সর্দার ও কল্যাণী মিনজ বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানেন না যে তাঁদের উপজেলা-জেলায় সাদরিভাষী ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে। এমনকি বছরের পর বছর যে শিক্ষকেরা সাদরিভাষী শিশুদের পড়ান, তাঁরাও জানেন না এ শিশুদের ভাষা সাদরি। এ বছর প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের এ শিশুরা মাতৃভাষার বই পাবে। তবে নিজের মাতৃভাষার নাম যে সাদরি, অনেক শিশু ও অভিভাবকের এ ব্যাপারে অজ্ঞতা রয়েছে। শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ধারণা, ক্ষুদ্র জাতিসত্তার মানুষ মানেই সাঁওতাল। কিন্তু সাঁওতাল শিশুদের জন্য এবার মাতৃভাষায় কোনো পুস্তক প্রণয়ন করা হয়নি।

কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সাদরিভাষী শিশুদের পুস্তকের চাহিদা পাঠানোর ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। গোমস্তাপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল গাফফার বলেন, সাদরিভাষী জনগোষ্ঠী সম্পর্কে ধারণা না থাকার কারণে প্রতিবেদনে বইয়ের চাহিদা পাঠানো হয়নি। এ ছাড়া সাদরিভাষী জন-অধ্যুষিত এলাকাগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরাও এসব শিশুর বইয়ের চাহিদা পাঠাননি। একই মন্তব্য করেন নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সাদরিভাষী জনগোষ্ঠীর শিশুদের সম্পর্কে জানা নেই। কোন কোন এলাকায় এ জনগোষ্ঠীর শিশু রয়েছে এবং বইয়ের চাহিদা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে জেলা কার্যালয়ে আসার কথা। উপজেলা শিক্ষা কর্মকর্তারা না পাঠালে আমার করার কিছু নেই।’

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল রাজোয়ার বলেন, ‘ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের প্রতি আন্তরিকতার অভাবের কারণেই শিক্ষা কর্মকর্তাদের এই অজ্ঞতা। ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের হাতে শিগগিরই মাতৃভাষার বই তুলে দেওয়ার দাবি জানাই।’

গোমস্তাপুর উপজেলার ওঁরাওদের সামাজিক সংগঠন ‘দিঘরী পরিষদ’-এর রাজা জহরলাল এককা প্রথম আলোকে বলেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের শিশুদের মাতৃভাষায় প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষার দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার। ২০১৫ সালেই এসব শিশুর মাতৃভাষায় বই পাওয়ার কথা ছিল। কিন্তু বই তৈরির উদ্যোগে ধীরগতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারিতেই বই পাওয়া যাবে। কিন্তু আমার এলাকার শিশুরা এখনো বই পায়নি। এটা ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের প্রতি অবহেলারই প্রকাশ।’

যোগেন টপ্য বলেন, ‘ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের মাতৃভাষায় পুস্তক প্রণয়েন এনসিটিবির উদ্যোগের সঙ্গে আমি ২০১২ সাল থেকেই যুক্ত। ক্ষুদ্র জাতিসত্তার অন্য সহকর্মীরা ২০১৫ সাল থেকে যুক্ত। এ নিয়ে আমরা কষ্ট করে অনেক কাজ করেছি। ২০১৬ সালেই আমাদের শিশুদের হাতে মাতৃভাষার বই তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারি মাস পার হতে চললেও বই না পাওয়ার ঘটনা বড়ই দুঃখজনক।’