এখনো মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাঁচজন সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় এখনো মামলা হয়নি।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে মামলা করতে একটু দেরি হচ্ছে। রোববার (আজ) মামলা করা হবে। তিনি বলেন, হামলাকারী ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণায়য়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। দিনদুপুরে সাংবাদিকদের ওপর হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আহত সাংবাদিকেরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স তিন ঘণ্টা চিকিৎসাধীন থাকলেও টেকনাফ থানার কোনো কর্মকর্তা তাঁদের সঙ্গে ঘটনা সম্পর্কে কথা বলতে যাননি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ‘হামলাকারীদের ধরতে আমি নিজে রাতে নাজিরপাড়ার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়েছি। থানার দুজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে অভিযান চলছে। তবে এখনো সাংবাদিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
গত শুক্রবার টেকনাফে পাঁচজন সাংবাদিককে কুপিয়ে জখম করেন ইয়াবা ব্যবসায়ীরা। হামলাকারী ব্যক্তিরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যান। এ ছাড়া সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসেও ভাঙচুর করা হয়।
টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিকেরা। গতকাল কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সভায় তাঁরা এই দাবি জানান। এদিকে একই দাবিতে গতকাল মানববন্ধন করেছে ফেনী প্রেসক্লাব।
গত শুক্রবার টেকনাফের নাজিরপাড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম করে।
কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বদিউল আলম, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, জাহেদ সরওয়ার সোহেল।
প্রতিবাদ সভা শেষে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সাংবাদিকেরা জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে দেখা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে শুক্রবার রাত থেকে পুলিশের অভিযান চলছে।
এদিকে টেকনাফে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়।
শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক নুরুল করিম মজুমদার। শওকত মাহমুদের সঞ্চালনায় কর্সসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, আসাদুজ্জামান দারা, আবু তাহের ভূঁঞা, কামাল উদ্দিন ভূঁঞা, নাজমুল হক শামীম।