জামালপুর রেলস্টেশনে পুলিশের মারধরে মুক্তিযোদ্ধা আবদুল বারীর মৃত্যুর ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার গণজাগরণ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ের তদন্ত দল।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. সফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দলের সদস্যরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা জানান, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তবে তদন্তের আগে ঘটনা সম্পর্কে তাঁরা কোনো কিছু বলতে রাজি হননি।
অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেল পাঁচটার দিকে জামালপুর স্টেশন চত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক তানভীর আহম্মেদ, মুক্তিযোদ্ধা আলী ঈমাম, জামালপুরে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন মিয়া প্রমুখ। এ ছাড়া সোমবার রাতেও রেলস্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
আবদুল বারীর জামাই আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল লাশ দাফন করা হয়েছে। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে মামলা করা হবে বলে তিনি জানান।