এখনো যুদ্ধ করছেন সন্ধ্যা রানী সাংমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের রণাঙ্গনে তাঁবু খাটিয়ে চিকিৎসাসেবা দিয়েছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। এখন কোমরের সমস্যায় নিজেই কুঁজো হয়ে হাঁটেন সন্ধ্যা রানী সাংমা। এই অবস্থাতেও সংসারের সব কাজই করতে হয় তাঁকে। তাঁর যুদ্ধ চলছে এখনো।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ নারী পরিষদের আমন্ত্রণে গতকাল শুক্রবার সকালে সন্ধ্যা রানীসহ আট নারী মুক্তিযোদ্ধা এসেছিলেন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে তাঁদেরসহ ১০ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিলের নামে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অন্য সাতজন নারী মুক্তিযোদ্ধা হলেন ইলা দাস, বেবি হোসেন, কল্যাণী ঘোষ, রাশেদা রহমান, বদরুন্নাহার চৌধুরী, আমেনা সুলতানা বকুল ও গীতশ্রী চৌধুরী। সম্মাননাপ্রাপ্ত অপর দুই নারী মুক্তিযোদ্ধা আম্বিয়া খাতুন ও মমতা আরিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
প্রথম আলোর কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে সন্ধ্যা রানী বলেন, মুক্তিযুদ্ধ শুরুর পরই তিনি ও তাঁর বোন ভেরোনিকা সাংমা ২ নম্বর সেক্টরে সেবিকা হিসেবে যোগ দেন। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহের সীমান্তের ওপারে ভারতের মহেন্দ্রগঞ্জের চাপাহাতি গ্রামে একটি ৪৫ শয্যার হাসপাতাল বানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়া শুরু করেন। পরে নভেম্বরে তাঁরা দেশের সীমানার ভেতরে তাঁবু খাটিয়ে ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। ডিসেম্বর যত এগিয়ে আসতে থাকে ফিল্ড হাসপাতালও অবস্থান বদলে আরও ভেতরে ঢুকতে থাকে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চিকিৎসক বদরুন্নাহার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইলা দাস, নৃত্যশিল্পী লায়লা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব, সাংসদ কাজী রোজী, সাবেক সাংসদ ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি নুরুল আলম প্রমুখ বক্তব্য দেন। নারী পরিষদের উপদেষ্টা ও সমাজসেবী অ্যারোমা দত্তসহ কয়েকজন মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।