এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু হত্যার রহস্য এক মাসেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। হত্যা মামলায় মোতালেবের রুমমেটকে রিমান্ডে নিয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়ার দাবি করলেও সেই তথ্য ধরে তদন্তের কোনো অগ্রগতি নেই।
তদন্তে ধীরগতির অভিযোগ করে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মোতালেবের সহপাঠীরা। আর মোতালেবের বাবা বলছেন, ‘আমরা জানতে চাই কী কারণে আমার সন্তানকে খুন করা হয়েছে। কী এমন করেছিল মোতালেব?’
হত্যাকাণ্ডের এক মাস পূর্তিতে গতকাল রোববার বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। সেখানে মোতালেব হত্যার তদন্তে ধীরগতির অভিযোগ এনে দ্রুত তদন্ত শেষ করে বিচারের দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও যোগ দেন।
মানববন্ধনে মোতালেবের সহপাঠী হোসাইন মিঠু বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের বারবার জানানো হয়েছে লিপুর রুমমেট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এমনকি তার দেওয়া তথ্যে হত্যারহস্য উদ্ঘাটন সম্ভব বলেও জানানো হয়। কিন্তু এত দিন পরও আমরা তদন্তে কোনো অগ্রগতি পেলাম না। সেই রুমমেটও এখন জামিনে আছে। বাধ্য হয়ে আমাদের আবারও রাস্তায় নামতে হচ্ছে।’
দ্রুত বিচার দাবি করে লিপুর আরেক সহপাঠী রাশেদ রিন্টু বলেন, ‘হত্যার এত দিন হয়ে গেল এখন পর্যন্ত লিপুর রুমমেট ছাড়া কেউ গ্রেপ্তার হলো না। রুমমেটও এখন জামিনে আছে। পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ বলে, সময় লাগবে। এ অবস্থায় তদন্তে তেমন অগ্রগতি হয়নি বলে আমি মনে করছি।’ দ্রুত হত্যার তদন্ত শেষ করে আসামিদের বিচারের আওতায় আনার দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মোতালেবের বাবা মো. বদর উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্বপ্নটা শেষ হয়ে গেছে। আমরা জানতে চাই কী কারণে আমার সন্তানকে খুন করা হয়েছে। কী এমন করেছিল মোতালেব? কিন্তু এক মাস হয়ে গেল, মামলার অবস্থা কিছুই জানতে পারলাম না। তোমরা একটু দেখো বাবা। আমরা খেটে খাওয়া মানুষ। অত কিছু বুঝি না। মোতালেবের খুনিদের যেন বিচার হয়।’
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের নর্দমা থেকে মোতালেবের লাশ উদ্ধার করা হয়। মোতালেবকে হত্যা করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ওই দিন বিকেলে মোতালেবের চাচা মো. বশীর বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মোতালেবের রুমমেট মনিরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিন দিন পর মনিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ মনিরুলের সাত দিনের রিমান্ডের আবেদন জানালে গত ২৬ অক্টোবর মনিরুলকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান সাংবাদিকদের বলেছিলেন, মনিরুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যার ভিত্তিতে হত্যার রহস্য উদ্ঘাটন সম্ভব।
জানতে চাইলে অশোক চৌহান বলেন, হত্যার কারণ বলার মতো এখনো তেমন কিছু জানা যায়নি। রুমমেট মনিরুল কিছু তথ্য দিয়েছিল। সেগুলো যাচাই-বাছাই করে আবার তার রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু রিমান্ড শুনানির আগে ৮ নভেম্বর তিনি জামিন পান।