এখনো শুরু হয়নি পাঁচ মামলার বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় দায়ের করা পাঁচ মামলার বিচারকাজ এখনো শুরু হয়নি। এতে হতাশ ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা।
২০১৩ সালের ১১ এপ্রিল ভূজপুরে আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী।
ওই ঘটনায় ভূজপুর থানায় পাঁচটি মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাতনামা আসামি। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলায় নিহত আওয়ামী লীগের কর্মী ফারুক ইকবাল ওরফে বিপুল হত্যা মামলায় ১৮৫ জন, মোহাম্মদ রুবেল হত্যা মামলায় ১৯২ জন এবং মোহাম্মদ ফোরকান হত্যা মামলায় ২০৩ জনের বিরুদ্ধে গত বছরের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় ভূজপুর থানার পুলিশ। আসামিদের বেশির ভাগ জামায়াত-শিবিরের নেতা-কর্মী। পুলিশের দাখিল করা তিনটি
অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদীরা। গত বছরের ১৩ আগস্ট রুবেল হত্যা মামলা এবং গত ২৪ মার্চ ফোরকান হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। এখন এ দুটি মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক। ফারুক হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির শুনানি এখনো হয়নি।
গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বাকি দুটি মামলা ভূজপুর থানার পুলিশ তদন্ত করছে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, মামলাগুলোর তদন্ত চলছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুই মামলার তদন্ত শেষ পর্যায়ে। মাস খানেকের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হতে পারে।
জামায়াত নেতা হাবিবুর রহমানের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের এ মামলায় জড়ানো হয়েছে। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত নন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষী করেনি। অভিযোগপত্র দাখিলের আগে নিয়ম অনুযায়ী বাদীকেও জানানো হয়নি। এমনকি মামলার সাক্ষ্য স্মারকে সরকারি কৌঁসুলির মতামত নেওয়া হয়নি। এ ছাড়া তদন্তে অনেক ত্রুটি আছে। এ জন্য তিন মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করেছেন।
ফারুক হত্যা মামলার বাদী জিয়াউল হক বলেন, তদন্তে ত্রুটি থাকায় তিনি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষী না করে দিনমজুর, চা-বাগানশ্রমিকদের সাক্ষী করেছে। আমি আহত এবং প্রত্যক্ষদর্শী হলেও সাক্ষী করেনি পুলিশ। এ রকম অনেককে সাক্ষী রাখা হয়নি।’
দুই বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় হতাশ নিহত ব্যক্তিদের স্বজনেরা। রুবেলের মামা জামাল পাশা ও ফোরকানের মা ফেরদৌস বেগম বলেন, পুলিশ যথাযথভাবে তদন্ত করলে এত দিনে মামলার বিচারকাজ শুরু হতো।