এখনো সচেতনতা খুব কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্যে ধূমপানরত এক আনসার৷ সায়েন্সল্যাব মোড় থেকে তোলা ছবি
প্রকাশ্যে ধূমপানরত এক আনসার৷ সায়েন্সল্যাব মোড় থেকে তোলা ছবি

জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে জরিমানার বিধান করা হলেও এখনো এ বিষয়ে সচেতনতার হার খুব কম৷ সর্বত্রই লোকজনকে যেখানে-সেখানে ধূমপান করতে দেখা যায়৷ এমনকি আইন কার্যকরের দায়িত্ব যাদের ওপর, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরই কখনো কখনো দায়িত্বরত অবস্থায় জনসমক্ষে ধূমপান করতে দেখা যায়৷
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ (এপ্রিল ২০১৩-এ সংশোধিত) অনুযায়ী উদ্যান, মাঠ, স্টেশনসহ জনসমক্ষে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা দিতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, নারী-শিশুসহ অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকেও রক্ষা করতে হবে। সংশোধিত আইনটি পাসের এক বছর পূর্ণ হলেও আইনের গুরুত্বপূর্ণ ধারা (যেমন, সিগারেটের মোড়কে ছবিসহ সতর্কবাণীসংক্রান্ত) বাস্তবায়নে প্রয়োজনীয় বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি।
এ প্রতিবেদক গত দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন জনসমাগমের স্থানে ঘুরে অনেক লোককে নির্বিঘ্নে ধূমপান করতে দেখেন৷ তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে অধিকাংশ লোকই দাবি করেন, জনসমক্ষে ধূমপান যে আইনবিরুদ্ধ, তা তাঁরা জানেন না৷ কয়েকজন বলেন, জনসমক্ষে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে একেবারেই প্রচারণা নেই।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে কথা হয় চালক মো. সবুর মিয়ার সঙ্গে৷ তিনি চালকের আসনে বসে সিগারেট টানছিলেন৷ জরিমানার কথা বললে তাঁর পাল্টা প্রশ্ন: ‘সিগারেট খাই আমার টাকায়, জরিমানা আবার কিসের?’
রমনা পার্কে সিগারেট টানতে টানতে ঘুরে বেড়াচ্ছিলেন ঢাকা কলেজের ছাত্র ফরিদ হোসেন। এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে ফরিদ বলেন, তিনি জানেন না উদ্যানে ধূমপান করা অপরাধ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও জনসমক্ষে ও দায়িত্বরত অবস্থায় ধূমপান করতে েদখা যায়৷ সম্প্রতি এ প্রতিবেদক রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যকে ধূমপান করতে দেখেন৷
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম অালোকে বলেন, প্রকাশ্যে ধূমপান করলে আইন অনুযায়ী সিভিল সার্জন ও ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবেন। এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী দায়িত্বরত অবস্থায় কোনো পুলিশ সদস্য ধূমপান করলে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের এক গবেষণায় বলা হয়, বাংলাদেশে প্রতিবছর ১২ লাখের বেশি মানুষ তামাক ব্যবহারজনিত প্রধান আটটি রোগে আক্রান্ত হয়। তামাকজাত পণ্য সেবনের কারণে বছরে এ দেশের স্বাস্থ্য খাতে ১১ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে৷
এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ও ধূমপানবিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধূমপান প্রতিরোধ ও তামাক উৎপাদন বন্ধে শক্ত আইন ও তার বাস্তবায়ন জরুরি । সেই সঙ্গে তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ হারে কর আরোপ করা উচিত৷ এতে করে সরকার অতিরিক্ত রাজস্ব আয় করবে ও ধূমপায়ীরা ধূমপান ছেড়ে দেবেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পরোক্ষ ধূমপানের কারণে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে ও শিশুরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাণী দিয়েছেন৷ রাষ্ট্রপতি তাঁর বাণীতে আশা প্রকাশ করেন, ‘তামাকের ওপর কর বৃদ্ধি করুন’—দিবসটির এই প্রতিপাদ্য মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করবে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে তামাক নিয়ন্ত্রণ আইনের সুষ্ঠু বাস্তবায়ন ও ধূমপান বর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন৷