এখনো স্নায়ুচাপে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের চালানো বর্বর হত্যাকাণ্ড জাপানের সরকার ও জনগণকে গভীরভাবে মর্মাহত করেছিল। সন্ত্রাসীদের নিষ্ঠুরতায় জাপান সরকার যে স্নায়বিক চাপের মুখে পড়েছিল, তা থেকে তারা এখনো মুক্ত হতে পারেনি। হোলি আর্টিজান হামলার প্রথম বার্ষিকীর প্রাক্কালে বাংলাদেশ এবং জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণকারী বিশ্লেষকেরা প্রথম আলোর কাছে এই অভিমত প্রকাশ করেছেন।
বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম দেশে নিজেদের সাতজন নাগরিকের নির্মমভাবে নিহত হওয়ার সংবাদ সে সময়ে অধিকাংশ জাপানিকে হতবাক করে দিয়েছিল। কীভাবে তাঁদের হত্যা করা হয় সেই বিবরণ জেনে সবাই গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এসব জাপানি নারী-পুরুষ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত মেলে দিতে গিয়ে নিহত হওয়ায় শোকের মাত্রা ছিল বেশি।
পাশাপাশি জাপান সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ছিল জোরালো। জাপান সরকারের পক্ষ থেকে তখন বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয় কেন এই অর্থহীন হত্যাকাণ্ড। ঘটনা ঘটে যাওয়ার পর প্রথম কয়েক দিন জাপানের প্রধানমন্ত্রী ও সরকারের অন্য কর্মকর্তাদের মধ্যে খুব সহজেই ক্ষোভ প্রকাশ পেতে দেখা গেছে।
গুলশান হত্যাকাণ্ডের পরপরই জাপান সরকার সে দেশের নাগরিকদের বাংলাদেশ সফর করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা পরামর্শের চারটি স্তর আছে এবং হামলার আগে বাংলাদেশের বেলায় সেই সতর্কতা ছিল সর্বনিম্ন বা প্রথম ধাপে। যার অর্থ হচ্ছে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সাধারণ সাবধানতা অবলম্বনের পরামর্শ। তবে ১ জুলাইয়ের ঘটনার পর জাপান সরকার সতর্কতার মাত্রা এক ধাপ ঊর্ধ্বে তুলে নিয়ে দ্বিতীয় ধাপ নির্ধারণ করে। দ্বিতীয় ধাপের সতর্কতার অর্থ হচ্ছে একেবারে প্রয়োজন না হলে নাগরিকেরা যেন সেই দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকেন। বাংলাদেশ সম্পর্কে জাপানের ব্যবসায়ী মহলে যখন আগ্রহ বাড়তে শুরু করে এবং জাপানি বিনিয়োগকারীরা বৈদেশিক বিনিয়োগের সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশকে বিবেচনা করতে শুরু করেছিলেন, তখনই গুলশানের প্রাণঘাতী হামলার পটভূমিতে ভ্রমণ সতর্কতার বিষয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশের প্রতি উৎসাহে কিছুটা ভাটা পড়তে শুরু করে। অনেকেই ভেবেছিলেন যে সাময়িক ওই সিদ্ধান্ত দ্রুত বদলানো হবে এবং জাপানি ব্যবসায়ী ও বেসরকারি সাহায্য কর্মীরা আবারও সহজে বাংলাদেশে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত সতর্কতার মাত্রা অপরিবর্তিত রয়েছে। অনেকেই অবশ্য এখন মনে করছেন, সরকারের এই প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত।
জাপানের উন্নয়ন সাহায্য সমিতিসমূহের সংগঠন জানিকের সভাপতি ও সেইশিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাআকি ওহাশি প্রথম আলোকে বলেন যে এতটা দীর্ঘ সময় ধরে ভ্রমণসতর্কতা কঠোর পর্যায়ে ধরে রাখার সরকারি সিদ্ধান্ত যুক্তিসংগত নয়। তিনি মনে করেন, জাপান সরকার শুরু থেকে গুলশান হত্যাকাণ্ড নিয়ে যে স্নায়বিক চাপে ভুগছিল, সেই অবস্থা থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। তবে অধ্যাপক ওহাশি মনে করেন, দুই দেশের মধ্যে নাগরিক পর্যায়ের সম্পর্ক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়নি এবং অনেক দিন ধরে তাঁদের মধ্যে যে সুসম্পর্ক চলে আসছিল, তা এখনো বজায় আছে। এর ফলে ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নাগরিক সমাজের পাশাপাশি ব্যবসায়ী মহলও এটাকে দুঃখজনক মনে করছে এবং সরকারের পরামর্শ উপেক্ষা করে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে যেতে শুরু করেছেন।
অধ্যাপক ওহাশির ধারণা সরকার শিগগিরই বাস্তব পরিস্থিতি অনুধাবনে সক্ষম হবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে অচিরেই নতুন ঘোষণা দেবে।
টোকিও বিদেশচর্চা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং লেখক-অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে প্রথম আলোকে বলেন যে সরকারের পরোক্ষ নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, তাতে যাঁরা সেই দেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, সেই দলে বাংলা ভাষা নিয়ে লেখাপড়া করা জাপানি ছাত্রছাত্রীরাও রয়েছে। জাপান ও বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অপরিহার্য। ফলে এক বছর আগের সেই ঘৃণ্য ঘটনার ফলে সে রকম যোগাযোগ স্থগিত হয়ে যাওয়াকে তিনি দুঃখজনক মনে করেন।
জাইকার কর্মকাণ্ড বাংলাদেশে ধীরে ধীরে শুরু হলেও মানবসম্পদের দিক থেকে জাইকা নিজেকে অনেকটা সংকুচিত করে নেওয়ায় দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁর ধারণা। তবে জাইকা আবারও বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবী পাঠানোর কর্মসূচি পুনরায় চালু করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।