এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ট্রাক উল্টে খাদে পড়ে চার বছর আগে নিহত ৪৪ ছাত্রের পরিবারের অধিকাংশ সদস্য এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। নিহত ছাত্রদের ৭৮ শতাংশ স্বজন এখনো ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক, দুঃস্বপ্ন, উদ্বেগসহ নানা মানসিক সমস্যায় ভুগছে। তাদের মধ্যে আবেগগত, আচরণগতসহ নানা ধরনের সমস্যাও দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘মিরসরাই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক এক পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিল। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহান। ট্র্যাজেডির শিকার পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরিচালিত কর্মসূচির তথ্যপত্র উপস্থাপন করেন রীপা পালিত। সভায় ট্র্যাজেডির শিকার শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অংশ নেন।
আব্দুল জলিল বলেন, দুর্ঘটনার চার বছর পরেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে মানসিক অবস্থার চিত্র ফুটে উঠেছে, তা খুবই উদ্বেগজনক। যদি এখনই তাদের জন্য কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাবে।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর স্টেডিয়াম থেকে ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল আবু তোরাব উচ্চবিদ্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০ জন ছাত্র। বর তাকিয়া-আবু তোরাব সড়কের দক্ষিণ সৈদালী গ্রাম এলাকায় তাদের বহনকারী ট্রাকটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৩৯ জন ছাত্র মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিক্ষার্থী মারা যায়।