এখনো হাতের নাগালে সেমাই মুরগি, পোলাওয়ের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘনিয়ে এসেছে ঈদের দিনক্ষণ। নতুন জামাকাপড়ের পাশাপাশি তাই কাঁচাবাজারেও কেনাকাটার ধুম পড়েছে। তবে বাজারে জিনিসপত্রের দামে ঈদের ছাপ পড়েনি। সেমাই, পোলাওয়ের চাল, মুরগির দাম এখনো হাতের নাগালে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার, পাহাড়তলী ও চৌমুহনী কর্ণফুলী বাজারে বিভিন্ন দোকানে খোঁজখবর নিয়ে এ রকম চিত্র দেখা যায়।
রিয়াজউদ্দিন বাজারের প্রায় দোকানেই দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। সবাই এসেছেন ঈদের বাজার সারতে। এসব দোকানে প্যাকেট সেমাইয়ের পাশাপাশি খোলা সেমাই বিক্রি হচ্ছে। এর মধ্যে এক কেজি পরিমাপের বনফুলের সেমাইয়ের দাম রাখা হচ্ছে ১৬০ টাকা, মধুবনের সেমাই ১৫০ টাকা, সজীবের প্যাকেট সেমাই ১৪৫ টাকা। খোলা ঘির সেমাই বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কেজি দরে। দেশি সেমাই বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়।
চিনির কেজি ৪৪-৪৫ টাকা। কিশমিশের কেজি ৪০০-৪৫০ টাকা, বাদাম ১৩৫-১৪০ টাকা, শুকনা খেজুর ২০০-২৫০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে।
রিয়াজউদ্দিন বাজারে শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, ‘এখনো বাজারে জিনিসপত্রের দাম আমাদের নাগালের মধ্যে আছে বলেই মনে হচ্ছে।’
গতকালের বাজারে বিভিন্ন মানের খোলা পোলাওয়ের চাল বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। বড়, ছোট ও মাঝারি আকারের প্রতিটি নারকেল বিক্রি হয়েছে ৩০ থেকে ৫০ টাকা দামে।
কর্ণফুলী বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৩৮ টাকায়, রসুন ৫৫-৬০ টাকায়। তিন রকমের আদার মধ্যে চীন থেকে আমদানি করা আদা বিক্রি হয়েছে ২১০-২২০ টাকা, মিয়ানমারের আদা ১৫০-১৫৫ এবং দেশি আদা ২০০-২১০ টাকায়।
পাহাড়তলী বাজারের পাইকারি দোকানে পাকিস্তানি পেঁয়াজ ৩০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৪ টাকা কেজি দামে বিক্রি হতে দেখা যায়। রসুন ৫৫-৫৬ টাকা এবং আদা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৮০ টাকা দামে।
প্রতিটি বাজারেই ফার্মের মুরগি বিক্রি হয়েছে ১৫৫-১৬০ টাকা দামে। আর দেশি মুরগির দাম চাওয়া হয়েছে ৩০০-৩২০ টাকা কেজিতে। দেশি গরুর মাংস প্রতি কেজি ৩০০ ও ৪০০ টাকা এবং মহিষের মাংস বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।
পাহাড়তলী বাজারের গরুর মাংসের বিক্রেতা দুলাল সওদাগর বলেন, ‘ঈদ উপলক্ষে গরুর মাংসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই আমাদের। তবে ঈদের আগের দিনে দামে কিছুটা হেরফের হতে পারে। কারণ, এ সময়ে চাহিদা বেশি থাকায় আমাদের বাজার থেকে বেশি দামে গরু কিনতে হয় বলে বেশি দামে বিক্রি করতে হয়।’