এখনো হাসপাতালে বন্দিদশা থেকে মুক্ত মা-ছেলে
ফেনীতে পাঁচ বছর পর বন্দিদশা থেকে উদ্ধার হওয়া মা জাহানারা বেগম রোজী ও ছেলে মেহেদী ইসলামকে এখনো ফেনী সদর হাসপাতালের ভিআইপি কেবিনে রাখা হয়েছে। তবে তাঁদের চিকিৎসা কীভাবে হবে এবং কারা দায়িত্ব নেবে, সে বিষয়ে কিছুই ঠিক হয়নি। চিকিৎসকেরা বলছেন, ফেনীতে তাঁদের সাধারণ চিকিৎসা দেওয়া হলেও মা ও ছেলে যে ধরনের অসুস্থ, তাঁদেরকে ফেনী হাসপাতালে সম্পূর্ণ সুস্থ করার সুযোগ নেই। দুজনের মানসিক চিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, জাহানারা বেগম একজন সিজোফ্রেনিয়া রোগী ও তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে। ছেলে মেহেদী ইসলাম দীর্ঘদিন ঘরে আটক থাকায় রিকেটস হয়ে গেছে। ভিটামিন ডি-এর অভাবসহ অসুস্থ মায়ের সঙ্গে থাকতে থাকতে তার অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডার হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর হাসপাতালের ভিআইপি কেবিনে গিয়ে দেখা যায়, একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও দুজন মেডিসিন বিশেষজ্ঞ মা-ছেলেকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। চিকিৎসকদের অভিমত, মা ও ছেলেকে চট্টগ্রাম বা ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন।
জাহানারা বেগমের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। ছেলে মেহেদী ইসলাম জানায়, ২০০৯ সালের ডিসেম্বরে তার মামা শেরশাহ তাঁদের দুজনকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখেন। নুরুল ইসলাম নামে এক আত্মীয় মাঝে মাঝে তাঁদের খাবার দিয়ে আসতেন। অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, উদ্ধার করা মা-ছেলের চিকিৎসা কীভাবে হবে বা কারা এর দায়িত্ব নেবে, সে বিষয়ে কথা বলার জন্য আত্মীয়স্বজনকে ডাকা হয়েছে।